Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সাত কিমি ধাওয়া করে গোরুবোঝাই লরি আটক, গ্রেপ্তার চালক

সাত কিমি ধাওয়া করে গোরুবোঝাই লরি আটক, গ্রেপ্তার চালক
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ময়নাগুড়ি: সাত কিমি রাস্তা পিছু নিয়ে গোরুবোঝাই লরি  আটকাল ময়নাগুড়ি থানার পুলিস। ঘটনায় গ্রেপ্তার হয়েছে একজন। উদ্ধার করা হয়েছে গোরুগুলি। ঘটনাটি মঙ্গলবার মধ্যরাতের।
Advertisement
ময়নাগুড়ির বিডিও অফিস সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়ক দিয়ে ধূপগুড়ির দিকে একটি গোরু বোঝাই লরি যাবে। গোপন সূত্রে রাত দেড় টানা নাগাদ এমনই খবর আসে থানায়। খবর পেয়ে জাতীয় সড়কে ব্যারিকেড সহ দাঁড়িয়ে থাকে পুলিসের টিম। সন্দেহজনক লরিটিকে দেখতে পেয়ে দাঁড় করানোর চেষ্টা করে পুলিস। কিন্তু সেই সময়েই ঘটে বিপত্তি। পুলিসের ব্যারিকেড ভেঙে ছুট দেয় গাড়িটি। এক মুহুর্ত দেরি না করে পুলিস গাড়ি নিয়ে লরিটির পিছু ধাওয়া করে। প্রায় সাত কিমি দূরে হুসলুরডাঙ্গা টোলপ্লাজার সামনে এসে পুলিসের গাড়িটি দাঁড়িয়ে পড়ে। সেখানেও থামেনি লরি। টোল প্লাজার সামনেও ব্যারিকেড ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সামনে অন্য একটি গাড়ি থাকায় আটকে যায় লরি। সেই গাড়ি থেকে উদ্ধার হয় ১৮টি গোরু সহ ২টি মোষ। লরিটিকে আটকে জিজ্ঞাসাবাদ করা হয় গাড়ির চালককে। চালক পশু পরিবহণের বৈধ কাগজ পুলিসকে দেখাতে পারেনি বলে তাকে গ্রেপ্তার করে পুলিস। 
গোরু বোঝাই লরিটি উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে আসছিল। সেটি অসমের উদ্দেশ্যে যাচ্ছিল। গাড়ির চালক আজিজুল রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। গোরুগুলিকে আব্দুল মোড় সংলগ্ন এলাকার খোঁয়াড়ে রাখা হয়েছে। অভিযুক্তর বাড়ি ডালখোলায়। তদন্তকারী পুলিস আধিকারিক জানান, মধ্যরাতে খবর পেয়ে আমরা ওঁত পেতে বসে থাকি। গাড়িটি ত্রিপল দিয়ে  মোড়ানো ছিল। দেখলে বোঝা মুশকিল, তাতে গবাদি পশু রয়েছে। লরিটি ১২ চাকার। আইসি সুবল ঘোষ বলেন, রাতে প্রতিনিয়ত জাতীয় সড়কে আমাদের নজরদারি থাকে। সম্পূর্ণ ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে।
সম্পর্কিত সংবাদ