Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রীকে পথে হেনস্তা করায় দুই যুবককে মার

ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রীকে পথে হেনস্তা করায় দুই যুবককে মার
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ফালাকাটা: ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রীকে পথে হেনস্তার অভিযোগে দুই যুবকে উত্তম-মধ্যম দিয়ে পুলিসে তুলে দিলেন স্থানীয়রা। রবিবার দুপুর আড়াইটে নাগাদ ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় ফালাকাটা ব্লকের নয়মাইল খাউচাঁদ পাড়ায়। এক নাবালিকার দাদু জানান, এদিন নয়মাইলে কম্পিউটার ক্লাস করে সাইকেল চেপে বাড়ি ফিরছিল নাতনি সহ তার বান্ধবী। সেই সময় দুই যুবক রাসমেলা থেকে তাদের পিছু নেয়। পরে কিছু দূর গিয়ে নির্জন এলাকায় তাদের পথ আটকে নানা কুপ্রস্তাব দিতে থাকে। মেলায় ঘুরতে যাবে কি না, জানতে চায়। নাবালিকারা ভয়ে দৌড়ে এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্যা শেফালী ভগতের বাড়ি যায়। সেখানে সবটা জানায়। এরপরই স্থানীরা দুই যুবকে আটক করে। দুই যুবকের বাড়ি ছয়মাইল হেমপাড়ায়। ঘটনাস্থল থেকে প্রায় ১২কিমি দূরে তাদের বাড়ি। পরে স্থানীয়রা তাদের উত্তম মধ্যম দিয়ে পুলিসের হাতে তুলে দেয়। এবিষয়ে ফালাকাটা থানার পুলিস জানিয়েছে, দুই যুবককে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ এলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে ফালাকাটা ব্লকজুড়ে একের পর এক নাবালিকা ধর্ষণ ও হেনস্তার ঘটনায় ফালাকাটা মহিলা নাগরিক মঞ্চের আহ্বায়ক কাকলি ভদ্র বলেন, বেশ কিছু দিন ধরে এই ধরনের ঘটনা বেড়ে চলছে। এখন রাস্তায় ছাত্রী, মহিলা সকলে নিরাপত্তাহীনতা অনুভব করছেন। আমরা দাবি জানাচ্ছি, পুলিস কড়া পদক্ষেপ নিক। এলাকাগুলিতে টহলদারি বাড়ানো হোক। 
Advertisement
সম্পর্কিত সংবাদ