নয়াদিল্লি (পিটিআই): সংস্কৃতি মন্ত্রকের জন্য নতুন অর্থবর্ষে বাজেটে অর্থ বরাদ্দ বাড়াল সরকার। ২০২৪-২৫ অর্থবর্ষের তুলনায় বৃদ্ধির পরিমাণ ১০০ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবর্ষে বরাদ্দের পরিমাণ ৩ হাজার ২৬০.৯৩ কোটি টাকা থেকে বেড়ে হল ৩ হাজার ৩৬০.৯৬ কোটি টাকা। তার মধ্যে ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণের (এএসআই) জন্য দেওয়া হল ১ হাজার ২৭৮.৪৯ কোটি টাকা। ভিক্টোরিয়া মেমোরিয়াল ও ভারতীয় জাদুঘর সহ মিউজিয়ামগুলির জন্য ৩৭৯.৫৮ কোটি টাকা বরাদ্দ হয়েছে বাজেটে।
Advertisement
ন্যাশনাল লাইব্রেরি ও আর্কাইভের জন্য বরাদ্দ হয়েছে ১৫৬.৫৫ কোটি টাকা। কালা সংস্কৃতি বিকাশ যোজনার (কেএসভিওয়াই) জন্য দেওয়া হয়েছে ১৯৮.৫০ কোটি টাকা। প্রাচীন লিপি সংস্কারের কাজে উৎসাহ বাড়াতে এই খাতে গত বছরের তুলনায় বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ৬০ কোটি টাকা। ন্যাশনাল মিশন অন কালচারাল ম্যাপিংয়ের জন্য দেওয়া হয়েছে ২২.৪৬ কোটি টাকা। সঙ্গীত নাটক অ্যাকাডেমি, সাহিত্য অ্যাকাডেমি, ন্যাশনাল স্কুল অব ড্রামা, ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টসের মতো স্বশাসিত সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলির জন্য ৪১১.৪২ কোটি টাকা বরাদ্দ হয়েছে।



