Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সোশ্যাল মিডিয়ায় ‘বিপদ’, স্কুলে এসে বোঝাল প্রশাসন

সোশ্যাল মিডিয়ায় ‘বিপদ’, স্কুলে এসে বোঝাল প্রশাসন
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: সোশ্যাল মিডিয়ায় ফাঁদ পেতে রয়েছে ‘বিপদ’! কোন কোন পথে সেই বিপদ হানা দিতে পারে, স্কুলে এসে ছাত্রীদের বোঝাল প্রশাসন। বৃহস্পতিবার জলপাইগুড়ি সেন্ট্রাল গার্লস হাইস্কুলে শিশু দিবস উপলক্ষ্যে ছাত্রীদের সঙ্গে কিছুটা সময় কাটান প্রশাসনের আধিকারিকরা। তুলে দেন উপহার। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সদরের বিডিও মিহির কর্মকার সহ অন্যরা।
Advertisement
আলাপ পরিচয় সারার ফাঁকেই সোশ্যাল মিডিয়ার বিপদ নিয়ে দশম শ্রেণির ছাত্রীদের সতর্ক করেন বিডিও। বলেন, অনেকেরই সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট রয়েছে। অনেকেই অনেক কিছু পোস্ট করে। কিন্তু কী পোস্ট করা হচ্ছে, তা আগে ভালো করে বুঝে নিতে হবে। অচেনা কারও সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। ব্যক্তিগত ছবি পোস্ট না করাই ভালো। যদি অনেকের সঙ্গে ছবি থাকে, তাহলে তা পোস্ট করা যেতে পারে। অচেনা কোনও নম্বর থেকে ফোন বা ভিডিও কল এলে তা যাতে তারা রিসিভ না করে, সেব্যাপারেও প্রশাসনের তরফে সতর্ক করা হয়।  এনিয়ে বিডিও ছাত্রীদের নিজের মোবাইল নম্বর দিয়ে বলেন, এমন পরিস্থিতি তৈরি হলে যত রাতই হোক না কেন, তোমরা আমাকে ফোন করবে। প্রয়োজনে তোমরা মহকুমা শাসককেও জানাতে পারো।  স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা তনিমা কর্মকার বলেন, প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানাই। এ ধরনের কর্মসূচি প্রতিটি স্কুলেই নিয়মিত করা উচিত।
সম্পর্কিত সংবাদ