Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব, প্রেমের টানেই ঘর ছাড়ছে নাবালিকা, বধূ

সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব, প্রেমের টানেই ঘর ছাড়ছে নাবালিকা, বধূ
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব। তা থেকেই প্রেম। অজানা-অচেনা সঙ্গীর ডাকে সাড়া দিয়ে ঘর ছাড়ছে নাবালিকা থেকে বধূ। মহিলাদের অনেকে আবার সন্তান বাড়িতে রেখেই ‘প্রেমিকের’ হাত ধরে দিব্যি চলে যাচ্ছেন। আর থানায় অভিযোগ দায়েরের সংখ্যা বাড়ছে। ‘নিখোঁজ’ ওইসব নাবালিকা কিংবা বধূর হদিশ পেতে অনেক ক্ষেত্রেই কালঘাম ছুটছে পুলিসের। দিনের পর দিন ওত পেতে ভিনরাজ্য থেকে উদ্ধার করে আনতে হচ্ছে ওইসব ‘নিখোঁজ’ মহিলাদের। কিছুক্ষেত্রে আবার প্রেমের টানে চেনা নাবালকের সঙ্গেই বাড়ি থেকে পালাচ্ছে নাবালিকা। তবে সবক্ষেত্রে যে প্রেমের ফাঁদ পাতা হচ্ছে তা নয়, অনেক সময় কাজের প্রলোভন দেখিয়ে মহিলাদের ফুঁসলিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। 
Advertisement
গত এক বছরে জলপাইগুড়ি জেলায় ১৭৫৭ জন ‘নিখোঁজ’কে উদ্ধার করেছে পুলিস। তারমধ্যে উদ্ধার হওয়া অপ্রাপ্তবয়স্কর সংখ্যা ২৯০ এবং প্রাপ্তবয়স্কর সংখ্যা ১৪৬৭। পুলিস সূত্রে খবর, এদের মধ্যে সিংহভাগ মহিলা। যাদের বেশিরভাগই প্রেমের টানে চেনা বা অচেনা সঙ্গীর সঙ্গে ঘর ছেড়েছিল। জেলা পুলিস সুপার খণ্ডবহালে উমেশ গণপত বলেন, সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের সূত্র ধরে অনেকেই বাড়ি থেকে পালাচ্ছে। কিছু ক্ষেত্রে ফুঁসলিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এদের মধ্যে যেমন নাবালিকা থাকছে, তেমনই বধূরাও রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে ভিনরাজ্যে চলে যাচ্ছে ওইসব মেয়েরা। ভিনরাজ্য থেকে উদ্ধার করা হচ্ছে তাদের। 
মেয়েদের আত্মরক্ষায় স্কুলগুলিতে ‘বিজয়িনী’ নামে একটি কর্মসূচি চালাচ্ছে জেলা পুলিস। শিবির করে শেখানো হচ্ছে ক্যারাটে। ওই কর্মসূচিতেই সোশ্যাল মিডিয়ায় অচেনা কারও সঙ্গে বন্ধুত্ব করার ব্যাপারে সজাগ করা হচ্ছে মেয়েদের।
সম্পর্কিত সংবাদ