নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: জমি জটে আটকে ছিল বিদ্যুৎ সংযোগের কাজ। তার জেরে সমস্যায় পড়ছিল গোঘাটের হাজিপুর পঞ্চায়েতের মণ্ডলা গ্রামের কয়েকটি পরিবার। আরামবাগের সাংসদ মিতালি বাগের হস্তক্ষেপে সেই জট কাটল। পরিবারগুলি বিদ্যুৎ সংযোগ পেল। সোমবার ওই এলাকায় বিদ্যুৎ বণ্টন সংস্থার তরফে সংযোগ দেওয়া হয়। এরফলে খুশি স্থানীয় বাসিন্দারা। তাঁরা সাংসদকে ধন্যবাদ জানিয়েছেন। মিতালিদেবী বলেন, দীর্ঘদিন ধরে ওই গ্রামের একাধিক পরিবার বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত ছিল। সম্প্রতি বাসিন্দারা আমার কাছে এসে সমস্যার সমাধানের আর্জি জানান। সেইমতো গ্রামে গিয়ে সবার সঙ্গে কথা বলে সমস্যা মেটানো গিয়েছে। পরিবারগুলি এদিন বিদ্যুৎ সংযোগ পেয়েছে।
Advertisement
বিদ্যুৎ বণ্টন সংস্থার এক আধিকারিক বলেন, জমি জটের কারণে বিদ্যুৎ সংযোগ দেওয়া যায়নি। সমস্যা মিটে যাওয়ায় এদিনই সংযোগ দেওয়া হয়। তারসঙ্গে কয়েকটি বাড়িতে বিদ্যুতের মিটারও বসানো হচ্ছে।



