Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তালিকায় তোলপাড়, ‘অযোগ্য’ তৃণমূল নেতা ঘনিষ্ঠরা

কোথাও কাউন্সিলর স্বয়ং, কোথাও আবার বিধায়কের মেয়ে কিংবা পুত্রবধূ। আবার কোথাও পুরসভার উপপ্রধানের মেয়ে। এসএসসির ‘অযোগ্য’ প্রার্থীদের তালিকা প্রকাশের প্রথম ২৪ ঘণ্টা গোটা রাজ্যে তোলপাড় ফেলার জন্য যথেষ্ট।

তালিকায় তোলপাড়, ‘অযোগ্য’ তৃণমূল নেতা ঘনিষ্ঠরা
  • ১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোথাও কাউন্সিলার স্বয়ং, কোথাও আবার বিধায়কের মেয়ে কিংবা পুত্রবধূ। আবার কোথাও পুরসভার উপপ্রধানের মেয়ে। এসএসসির ‘অযোগ্য’ প্রার্থীদের তালিকা প্রকাশের প্রথম ২৪ ঘণ্টা গোটা রাজ্যে তোলপাড় ফেলার জন্য যথেষ্ট। ১৮০৬ জনের মধ্যে কতজন তৃণমূল, কতজন বিজেপি, আর কতজনই বা সিপিএম ঘনিষ্ঠ, সংশয় থাকতে পারে। কিন্তু গোলমাল যে কিছু হয়েছে, তা এই নেতানেত্রীদের আচরণেরই স্পষ্ট। বিরোধীরা এই তালিকা থেকে তৃণমূলের প্রভাব খুঁজে ‘দাগি’ তকমা সাঁটছে এবং প্রচার করছে। পাল্টা তৃণমূলও বলছে, ‘আইন আইনের পথে চলুক। কোথাও কোনও অনিয়ম হয়ে থাকলে তার সঠিক তদন্ত হোক। কিন্তু বিজেপি-সিপিএম যেন ধোয়া তুলসীপাতা না সাজে। বাম আমলে পার্টি হোল টাইমাররা চাকরি পেয়েছিল কোন যোগ্যতায়?’
অর্থাৎ, তরজা তুঙ্গে। শনিবার রাত থেকে রবিবার দিনভর চর্চায় একটাই প্রশ্ন—অযোগ্য শিক্ষক কারা? সে অবশ্য খড়ের গাদায় সুচ খোঁজার মতো। যদিও আলোচনার শিরোনামে বিধানসভায় সরকার পক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষ। তালিকার ১২৬৯ নম্বরে নাম রয়েছে শম্পার। অন্যদিকে অযোগ্যদের তালিকায় নাম দেখে রীতিমতো স্তম্ভিত রাজপুর-সোনারপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কুহেলি ঘোষ। ৬৪৭ নম্বরে নাম রয়েছে কুহেলির। আবার ১৩৬০ নম্বরে নাম রয়েছে শতাব্দী বিশ্বাসের। তিনি কে? নিউ বারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান স্বপ্না বিশ্বাসের মেয়ে। অযোগ্য তালিকা সমৃদ্ধ করছে হুগলির খানাকুলের তৃণমূল নেতা বিভাস মালিক এবং তাঁর স্ত্রী সন্তোষী মালিক। তাঁদের নাম রয়েছে যথাক্রমে ৩১৬ ও ১৩৩২ নম্বরে। হুগলি জেলা পরিষদের প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ শাহিনা সুলতানার নামও রয়েছে অযোগ্যদের তালিকায়। এছাড়া খানাকুল-১ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি নইমুল হক ওরফে রাঙার স্ত্রী নমিতা আদককেও ‘দাগি’ বলে চিহ্নিত করেছে এসএসসি। 
এখানেই শেষ নয়! পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের ১০ নম্বর জলচক অঞ্চল তৃণমূলের সভাপতি অজয় মাঝি রয়েছেন ‘অযোগ্য’ শিক্ষকদের তালিকার ৩৯ নম্বরে। উত্তরবঙ্গ থেকেও তৃণমূল নেতাদের নাম জড়িয়ে যাওয়ায় বিতর্কের পরিধি বেড়েছে। রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী তথা মেখলিগঞ্জের তৃণমূল বিধায়ক পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর নাম এসএসসির ‘অযোগ্য’ তালিকায় রয়েছে ১০৪ নম্বরে। চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশনারা বেগমও চিহ্নিত হয়েছেন ‘অযোগ্য’ হিসেবে। এছাড়াও তপন, হিঙ্গলগঞ্জ সহ উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তৃণমূল অঞ্চল সভাপতি থেকে শুরু করে প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা শাসক দলকে কাজে লাগিয়ে অবৈধভাবে চাকরি পাইয়ে দিয়েছেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর প্রতিক্রিয়া, ‘আমি বলতে পারব না। তালিকা দেখিনি।’ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদারের পাল্টা খোঁচা, ‘অযোগ্যরা এবার তালিকা প্রকাশ করুন, কোন কোন তৃণমূল নেতাকে কত টাকা দিয়েছেন।’
কিন্তু তৃণমূলের বিরুদ্ধে আঙুল তোলার আগে বিজেপি নেতাদের নিজের দলের দিকে তাকানোর পরামর্শ দিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, ‘অযোগ্যদের তালিকার মধ্যে বিজেপির লোকজনও রয়েছে। দুই মেদিনীপুর ও বাঁকুড়া জেলা থেকে প্রচুর নাম আছে।’ পাশাপাশি সিপিএমকে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের আক্রমণ, ‘তৃণমূলের নামে গালমন্দ করার আগে সিপিএম আমলে কীভাবে লাল পার্টি মেম্বাররা চাকরি পেয়েছিলেন, সেটা দেখুন!’

Advertisement

 

উল্লেখযোগ্য নাম

 অঙ্কিতা অধিকারী 
(বিধায়ক পরেশ অধিকারীর মেয়ে)
 বিভাস মালিক ও তাঁর স্ত্রী সন্তোষী মালিক (হুগলির তৃণমূল নেতা)
 প্রিয়াঙ্কা মণ্ডল 
(হিঙ্গলগঞ্জের তৃণমূল নেত্রীর মেয়ে)
 নমিতা আদক (খানাকুলের পঞ্চায়েত সমিতির সহ সভাপতির স্ত্রী)
 শাহিনা সুলতানা 
(হুগলি জেলা পরিষদের সদস্য)
 কবিতা বর্মন (উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিজেপি নেত্রী)
 অজয় মাঝি (পশ্চিম মেদিনীপুরের পিংলার তৃণমূল নেতা)
 কুহেলি ঘোষ (রাজপুর-সোনারপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার)
 শম্পা ঘোষ (বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক তথা বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ)
 রোশনারা বেগম (চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের মেয়ে) 
 মহম্মদ নাজিবুল্লাহ (বারাসতে তৃণমূল ব্লক সভাপতির ছেলে)
 অনুপকুমার মৃধা (উত্তর দিনাজপুর জেলা বিজেপির সহ সভাপতি অসীমকুমার মৃধার ভাই)
 রীতেশ ঘোষ (বনগাঁর প্রাক্তন সিপিএম নেতা)
 লক্ষ্মী বিশ্বাস (বীরভূম জেলা বিজেপি কোষাধ্যক্ষ সুরজিৎ সরকারের স্ত্রী)
 শতাব্দী বিশ্বাস
(নিউ বারাকপুরের ভাইস চেয়ারম্যান স্বপ্না বিশ্বাসের মেয়ে) 

Advertisement
সম্পর্কিত সংবাদ