কলকাতা, ২৩ জুলাই: জন্মের সংশাপত্র দেওয়ার ক্ষমতা পঞ্চায়েত ও পুরসভার প্রধানদের হাত থেকে কেড়ে নিতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। পরিবর্তে সরকারি আধিকারিকদের হাতে ওই ক্ষমতা ন্যস্ত করা হবে। পাশাপাশি আগামীদিনে জন্মের ২১ দিনের মধ্যে তা নথিভুক্ত করা বাধ্যতামূলক হতে চলেছে। আজ, বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে একথা জানালেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল।
বিপুল সংখ্যক ভুয়ো জন্ম-মৃত্যু শংসাপত্র ইস্যু হওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। রাজ্যজুড়ে আজ থেকে এনিয়ে অভিযান শুরু করেছে পুলিশ। এই প্রেক্ষাপটে এদিন সাংবাদিক বৈঠক করেন মুখ্যসচিব। তিনি জানান, দুর্নীতি রুখতে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট ইস্যু করার নিয়ম বদল করছে সরকার। আগামীদিনে সরকারি আধিকারিকরা এই কাজ করবেন। কোন আধিকারিকদের এই ক্ষমতা দেওয়া হবে, তা ঠিক করবেন সংশ্লিষ্ট জেলার জেলাশাসক।
মুখ্যসচিব আরও জানিয়েছেন, জন্মের ভুল তথ্য দিয়ে তৈরি সংশাপত্র দাখিল করে অনেকে ভোটার তালিকায় নাম তুলেছেন। তদন্তে এমন বেশ কিছু ঘটনা ধরা পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, জমা নথি জাল নয়। কিন্তু সেখানে উল্লিখিত তথ্য ভুয়ো। যাঁরা এই সার্টিফিকেটগুলি ইস্যু করেছেন, তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন তিনি।