সংবাদদাতা, রঘুনাথপুর: রঘুনাথপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ব্লক ডাঙার সুস্বাস্থ্য কেন্দ্রে সরবরাহ করা ইঞ্জেকশনের সিরিঞ্জগুলি খারাপ থাকায় সমস্যা দেখা দিয়েছে। দু’দিন ধরে ওই কেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা ভ্যাকসিন থেকে শুরু করে অন্যান্য কাজ করতে পারছেন না। অনেকেই ইঞ্জেকশন না নিয়ে বাড়ি ফিরে আসছেন। স্বাস্থ্যকর্মীদের তরফে বিষয়টি নিয়ে পুরসভাকে জানানো হয়েছে। রঘুনাথপুর পুরসভার চেয়ারম্যান তরণী বাউরি বলেন, ওই কেন্দ্রের সিরিঞ্জ খারাপ সংক্রান্ত বিষয়টি জানার পরেই রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করি। ইঞ্জেকশনের সিরিঞ্জগুলি বদলে দেওয়া হবে বলে জানানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রঘুনাথপুর পুরসভা এলাকার স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের জন্য নতুন দু’টি সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হয়েছে। যার মধ্যে ১৩ নম্বর ওয়ার্ডের ব্লকডাঙা সুস্বাস্থ্য কেন্দ্রটি অন্যতম। এখান থেকে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি বাচ্চাদের বিভিন্ন টিকাকরণ ও সাধারণ রোগীদের ইঞ্জেকশনের দরকার হলে দেওয়া হয়। কিন্তু, স্বাস্থ্য দপ্তরের তরফে বর্তমানে যে সিরিঞ্জগুলি দেওয়া হয়েছে তা খারাপ বলে দাবি ওই কেন্দ্রের কর্মীদের। ফলে টিকাকরণের কাজে সমস্যা হচ্ছে। ওই কেন্দ্রের এক স্বাস্থ্যকর্মী বলেন, আমাদের স্বাস্থ্যকেন্দ্রে যে সিরিঞ্জগুলি এসেছে তার বেশিরভাগই ব্যবহারের অযোগ্য। একটি বাক্স খুললে কয়েকটি মাত্র ভালো সিরিঞ্জ বেরচ্ছে। বাকিগুলি ব্যবহারই করা যাচ্ছে না। ফলে টিকাকরণ করতে গিয়ে অসুবিধা হচ্ছে। বিষয়টি পুরসভায় জানানো হয়েছে। সিরিঞ্জগুলি বদলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।



