Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সিসি ক্যামেরার দাম সাড়ে তিন লক্ষ! সরকারি নথি ভাইরাল, বিতর্ক

সিসি ক্যামেরার দাম সাড়ে তিন লক্ষ! সরকারি নথি ভাইরাল, বিতর্ক
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আরামবাগ মেডিক্যাল কলেজে লাগানো একটি সিসি টিভির দাম প্রায় সাড়ে তিন লক্ষ টাকা! এমন অভিযোগ ঘিরে জোর চৰ্চা শুরু হয়েছে আরামবাগে। আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৫০ টি সিসি টিভি বসাতে খরচ দেখানো হয়েছে এক কোটি ৭৫ লক্ষ টাকার বেশি। সামাজিক মাধ্যমে সরকারি একটি নথি ভাইরালও হয়েছে। যদিও তার সত্যতা যাচাই করেনি 'বর্তমান'। ঘটনা সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে। সামাজিক মাধ্যমে বিরোধী রাজনৈতিক দলগুলি এই নিয়ে কটাক্ষ করেছে শাসক শিবিরকে। যদিও এই প্রসঙ্গে আরামবাগ মেডিক্যালের এমএসভিপি ইন্দ্রা দত্ত বলেন, এই বিষয় সম্পর্কে আমাদের কিছু জানা নেই। এটি স্বাস্থ্য ভবন থেকে বলতে পারবে। সিসি টিভি লাগানোর জন্য আমাদের পাঁচ লক্ষ টাকা দেওয়া হয়েছে। আমরা সেই টাকায় টেন্ডার করব। তার বাইরে হাসপাতালে সিসি টিভি লাগানোর বিষয়টি স্বাস্থ্য ভবন দেখছে। 
Advertisement
এই প্রসঙ্গে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলেন, হাসপাতালে সিসি টিভি বসানোর নামে তৃণমূলের কিছু দালাল একশ্রেণীর অধিকারিকদের সঙ্গে যোগসাজস করে সরকারি টাকা লুট করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাল্টা তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দু সিংহ রায় বলেন, আরামবাগ থেকে বিজেপির মাটি সরতে চলেছে। তাই সংগঠনের লোককে ধরে রাখতে বিজেপি মিথ্যে অভিযোগ করছে।
সম্পর্কিত সংবাদ