সংবাদদাতা, কালনা: সরস্বতী পুজোয় দর্শনার্থীদের জনজোয়ারে ভাসল কালনা শহর। রবিবার বিকেল থেকেই হেঁটে ও টোটো-অটোয় মণ্ডপগুলিতে ভিড় জমান দর্শনার্থীরা। সন্ধ্যা গড়িয়ে রাত হতেই আলোয় ভাসে শহর। ভিড় অনেক গুণ বেড়ে যায়। এদিন ভিড় সামলাতে শহরের কয়েকটি জায়গায় নো-এন্ট্রি করতে বাধ্য হতে হয় পুলিস-প্রশাসন। ভাগীরথী নদীর কালনা-শান্তিপুর ফেরিঘাটে বিপর্যয় মোকাবিলা টিম সহ বিশেষ নজরদারি রাখা হয়। লঞ্চে অতিরিক্ত যাত্রী উঠছেন কিনা সেব্যাপারে কঠোর নজরদারি ছিল।
Advertisement
এদিন কালনা শহরের জাপট এলাকায় সবচেয়ে বেশি ভিড় দেখা যায়। এই এলাকার যুগের দীপের বাঁশ, ঝুড়ি দিয়ে তৈরি মণ্ডপ ও প্রতিমা দেখতে ভিড় উপচে পড়ে। জাপট অগ্নিবীণা, নিউ ফরোয়ার্ড, দিপালী সঙ্ঘ ও কালীতলার মণ্ডপ দেখতে দর্শনার্থীদের লম্বা লাইন দিতে হয়। এছাড়াও ভাদুড়িপাড়ার জুবিলিস্টার, পুরাতন বাসস্ট্যান্ডের ত্রিধারা, লক্ষ্মণপাড়ার রয়্যাল ক্লাব, গোলক সমিতি, বারুইপাড়া দক্ষিণ বারোয়ারি, স্বর্ণদীপ ক্লাবের ডায়মন্ডের প্রতিমা, ১০৮শিব মন্দির সংলগ্ন স্পুটনিক-৭০, নটরাজ ক্লাব, চারাবাগান ইয়ংবেঙ্গল প্রভৃতি ক্লাবের প্রতিমা ও মণ্ডপ দেখতে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। এদিন বেশ কয়েকটি পুজো মণ্ডপের উদ্বোধনী অনুষ্ঠান হয়। বেশকিছু স্কুলে এদিন বেলা সাড়ে ১২টার পর পুজো হয়। কালনা চকবাজার এলাকায় প্রচুর প্রতিমা বিক্রি হওয়ায় খুশি বিক্রেতারা। এদিনও দশকর্মা ও ফলের বাজারে ব্যাপক ভিড় ছিল।-নিজস্ব চিত্র



