Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সারের সঙ্গে ‘ট্যাগ’ নিতে বাধ্য করায় শোকজ মেমারির সমবায়কে

সারের সঙ্গে ‘ট্যাগ’ নিতে বাধ্য করায় শোকজ মেমারির সমবায়কে
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: সারের সঙ্গে চাষিদের ‘ট্যাগ’ নিতে বাধ্য করায় মেমারির একটি সমবায় সমিতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল প্রশাসন। কেন ট্যাগ দেওয়া হয়েছিল তা জানার জন্য শোকজের চিঠি পাঠানো হয়েছে। মঙ্গলবার সারের সঙ্গে ‘ট্যাগ’ দেওয়ার খবর ‘বর্তমান’এ প্রকাশিত হয়। তারপরই প্রশাসন পদক্ষেপ নেয়। জেলাশাসক আয়েশা রানি এ বলেন, ১৯৮৫সালের ফার্টিলাইজার কন্ট্রোল অর্ডার অনুযায়ী ওই সমবায় সমিতিকে শোকজ করা হয়েছে। চাষিরা বলেন, আলু চাষের জন্য ১০:২৬:২৬ সারের প্রয়োজন হয়। চাষ শুরু হওয়ার আগে থেকেই চাষিরা তা কিনে রাখে। চাহিদা বেশি থাকায় একশ্রেণির ব্যবসায়ী এবং সমবায় সমিতি সারের সঙ্গে বিভিন্ন ধরনের অনুখাদ্য নিতে বাধ্য করে। তা চাষের কাজে তেমন লাগে না। তারপরও অতিরিক্ত টাকা খরচ করে নিতে হয়। এবছর শুরু থেকেই প্রশাসন কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে। চাষিদের দাবি, প্রশাসন এভাবে সক্রিয় থাকলে কেউ এধরনের জোরজুলুম করতে পারবে না।  কৃষিদপ্তর সূত্রে আর জানা গিয়েছে, প্রতিটি ব্লকে দোকান এবং সমবায় সমিতিগুলিতে লাগাতার অভিযান চালানোর সিদ্ধান্ত হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, ১০:২৬.২৬ সারের বিকল্প রয়েছে। সেগুলি ব্যবহার করলেও ভালো ফলন পাওয়া যায়। কী ধরনের সার ব্যবহার করা যাবে তা নিয়ে লাগাতার প্রচারও চালানো হয়। তারপরও চাষিরা ১০:২৬:২৬ সার বেছে নেয়। তার ফায়দা নিচ্ছে একশ্রেণির ব্যবসায়ী। বিকল্প সার ব্যবহার করলে চাষিদের খরচ কম হতো। ফলন পেতেও সমস্যা হতো না।
Advertisement
সম্পর্কিত সংবাদ