সংবাদদাতা, শীতলকুচি: সারের কালোবাজারি রুখতে তৎপর কৃষিদপ্তর। কয়েকদিন আগে শীতলকুচি ব্লকের গোঁসাইরহাটে একটি দোকান সারের দাম বেশি নেওয়ার অভিযোগ ওঠে। সেই অভিযোগ পেয়ে শুক্রবার আচমকা ওই দোকানে অভিযান চালায় শীতলকুচি ব্লক সহ কৃষি অধিকর্তা প্রদীপ্ত ভৌমিক সহ অন্য আধিকারিকরা। দোকানের স্টক রেজিস্টার সহ বিভিন্ন নথি খতিয়ে দেখেন তাঁরা। কিছু নথিতে অসঙ্গতি থাকায় ওই ব্যবসায়ীকে শোকজ নোটিস ধরায় কৃষিদপ্তর। পাশাপাশি এদিন দুপুরে শীতলকুচি ব্লকের একাধিক এলাকায় যান এডিএ। দামের তালিকা, ই-পস মেশিনের মাধ্যমে সার বিক্রি হচ্ছে কি না, প্যাকেটে উল্লিখিত দামের থেকে বেশি টাকা নেওয়া হচ্ছে কি না খতিয়ে দেখেন আধিকারিকরা। প্রসঙ্গত, কোচবিহার জেলায় এই সময় আলু, সর্ষে, ভুট্টা সহ বিপুল পরিমাণে তামাক চাষ হয়। রবি মরশুমে রাসায়নিক সারের ব্যাপক চাহিদা থাকায় এক শ্রেণির ব্যবসায়ী সারের দেদার কালোবাজারি করে বলে অভিযোগ। যদিও কৃষিদপ্তরের আগাম অভিযানে সারের কালোবাজারি কমবে বলে মনে করছেন চাষিরা। এদিন অভিযান শেষে শীতলকুচি ব্লক সহ কৃষি অধিকর্তা প্রদীপ্ত ভৌমিক বলেন, চাষিদের অভিযোগের ভিত্তিতে এদিন ওই সারের দোকানে যাওয়া হয়। নথিপত্রে অসঙ্গতি থাকায় দোকান মালিককে শোকজ করা হয়েছে। শোকজের যথাযথ উত্তর না পেলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। ব্লকজুড়ে নিয়মিত এ ধরনের অভিযান চালানো হচ্ছে। যাতে কোনওরকম কালোবাজারি না হয় এনিয়ে বাকি ডিলার ও সার ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। কোথাও দাম বেশি নিলে চাষিকে কৃষিদপ্তরে অভিযোগ জানাতে বলা হচ্ছে।



