Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সুরার গ্লাসে নতুন স্বাদ! মালদহের   আম দিয়ে ওয়াইন তৈরির উদ্যোগ

সুরার গ্লাসে নতুন স্বাদ! মালদহের   আম দিয়ে ওয়াইন তৈরির উদ্যোগ
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সন্দীপন দত্ত, মালদহ: সুরাপ্রেমীদের জন্য সুখবর। আপেল, আঙুর, স্ট্রবেরি দিয়ে ওয়াইন তৈরির কথা এতদিন আমরা শুনেছি। এবার বিশ্বখ্যাত মালদহের আম থেকে ওয়াইন তৈরির পরিকল্পনা শুরু হয়েছে। মালদহ জেলা উদ্যানপালন দপ্তরের উপ অধিকর্তা সামন্ত লায়েক বলেন, আঙুর থেকে পৃথিবী বিখ্যাত ওয়াইন তৈরি করা হয়। ঠিক একইভাবে আম থেকে ওয়াইন তৈরি করা যায় কি না, সেই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। 
Advertisement
মালদহে আমের উৎপাদন বেশি। বিখ্যাত ফজলি আম থেকে শুরু করে ল্যাংড়া, হিমসাগর, আশ্বিনা প্রজাতির আম উৎপাদিত হয়। উদ্যানপালন দপ্তর সূত্রে জানা গিয়েছে, সমস্ত প্রজাতির আম থেকে বাই প্রোডাক্ট তৈরি করা যায় না। যেমন কোনও প্রজাতির আম শুধুমাত্র আমসত্ত্ব তৈরির জন্য ভালো। কোনও প্রজাতির আম থেকে পাল্প তৈরি করা হয়। কোনও আম থেকে শুধুমাত্র জুস তৈরি করা হয়। ওয়াইন ছাড়াও জুস, আমসত্ত্ব, আমের পাঁপড়, আমের পাউডার তৈরির বিষয়ে আলোচনা হয়েছে। উদ্যান পালন দপ্তর সূত্রে জানা গিয়েছে, সুরা তৈরির ব্যাপারটি মাথায় রেখে শীঘ্রই কাজ শুরু হয়ে যাবে। প্রথমেই দেখা হবে, কোন প্রজাতির আম থেকে সুস্বাদু সুরা তৈরি হতে পারে। সেই সঙ্গে দেখা হবে, কাঁচা বা পাকা— কোন ধরনের আম থেকে ভালো সুরা তৈরি করা যায়। এছাড়া দেখা হবে, সুরায় কতটা ম্যাঙ্গো ফ্লেভার দিলে তা সুরাপ্রেমীদের ভালো লাগবে। 
আমকে ভিত্তি করে মালদহে যাতে প্রসেসিং ইন্ডাস্ট্রি গড়ে ওঠে সেই বিষয়ে প্রশাসন সবরকম চেষ্টা চালাচ্ছে। কারণ প্রসেসিং ইউনিটের মাধ্যমে আমের বাই প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে পর্যাপ্ত কাঁচামাল জোগানের কোনও প্রতিবন্ধকতা থাকছে না। পাশাপাশি কর্মসংস্থানের সম্ভাবনাও তৈরি হবে। জেলা উদ্যানপালন দপ্তরের উপ অধিকর্তা জানান, ইতিমধ্যেই বেশ কয়েকজন উদ্যোগপতি এগিয়ে এসেছেন। তাঁদের অ্যাপেডার (এগ্রিকালচারাল অ্যান্ড প্রসেস ফুড প্রোডাক্টস এক্সপার্ট ডেভেলপমেন্ট অথরিটি) সার্টিফিকেটও তৈরি হয়ে গিয়েছে। মালদহে এবছর ৩১ হাজার ৮০০ হেক্টর জমিতে আম চাষ করা হচ্ছে। এরমধ্যে গোপালভোগ, লক্ষ্মণভোগ, হিমসাগর, ফজলি সহ বিভিন্ন প্রজাতির আম রয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ