Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সারের দামবৃদ্ধি: বিডিও’র দ্বারস্থ খেতমজুর সংগঠন

সারের দামবৃদ্ধি: বিডিও’র দ্বারস্থ খেতমজুর সংগঠন
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ময়নাগুড়ি: সার কেনার সময় অবশ্যই কৃষকরা পাকা রশিদ নেবেন। পাকা রশিদ নেওয়ার পরেও কোনও ব্যবসায়ী কৃষকদের কাছ থেকে বেশি দাম নিলে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে চাষিদের নিয়ে সচেতনতা শিবির করতে চলেছে ময়নাগুড়ির ব্লক প্রশাসন। সারের কালোবাজারি থেকে শুরু করে অন্যান্য বিষয়ে সোমবার তৃণমূল কিষান খেতমজুর কংগ্রেসের পক্ষ থেকে বিডিও প্রসেনজিৎ কুণ্ডুর সঙ্গে আলোচনার বসা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য বাবলু রায়, ময়নাগুড়ি-১ সাংগঠনিক ব্লকের সভাপতি ভলেন রায়, ২ নম্বর সাংগঠনিক ব্লকের সভাপতি মনোজ রায়, ময়নাগুড়ি টাউন ব্লকের সভাপতি বিজয় রায়। 
Advertisement
পরে বিডিও বলেন, আমরা বিভিন্ন বাজারে লাগাতার অভিযান চালাচ্ছি। এমন অভিযান চলবে। কৃষকদের সঙ্গেও আলোচনায় বসা হবে। ব্লক কৃষি আধিকারিকের সঙ্গেও কথা বলা হবে।
সংগঠনের দাবি, ধান ক্রয়কেন্দ্রে ফড়েদের উৎপাত শুরু হয়েছে। কৃষকদের উপর নানাভাবে চাপ আসতে শুরু করেছে। সেকারণে তাঁরা সরকারি কেন্দ্রে ধান বিক্রি করতে অনীহা প্রকাশ করছেন। অপরদিকে, এমআরপি থেকে বেশি দামে সার বিক্রি হচ্ছে ময়নাগুড়িতে। সার নিয়ে রীতিমতো কালোবাজারি শুরু হয়েছে। আলুবীজের দামও ঊর্ধ্বমুখী। এসব প্রশাসনকে দেখতে হবে। 
বাবলু রায় বলেন, কৃষকদের স্বার্থে আমরা এদিন বিডিও’র সঙ্গে আলোচনায় বসেছিলাম। কৃষকরা সঠিক দামে সবকিছু পাক সেটাই চাইছি। বিডিও আমাদের জানিয়েছেন, বাজারে তাঁদের নজরদারি চলছে। তাঁরা কৃষকদের সচেতন করার ব্যবস্থা গ্রহণ করবেন। 
সম্পর্কিত সংবাদ