নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: শনিবার সন্ধ্যায় সারেঙ্গা ও ওন্দা থানা এলাকায় পথ দুর্ঘটনায় দুই সাইকেল আরোহীর মৃত্যু হয়। পুলিস জানিয়েছে, মৃতদের নাম নিরঞ্জন মণ্ডল(৭৪) ও সঞ্জয় দুলে(৩৬)। প্রথমজনের বাড়ি ওন্দা গ্রামে। দ্বিতীয়জন রাইপুর থানা এলাকার বাসিন্দা হলেও বর্তমানে সারেঙ্গায় থাকতেন। পুলিস এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন নিরঞ্জনবাবু সাইকেলে চেপে কালীসেন-পুনিশোল রাস্তা ধরে যাচ্ছিলেন। ওইসময় তাঁকে একটি ডাম্পার ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিস ঘাতক ডাম্পারটিকে আটক করলেও চালক পলাতক। এছাড়া সারেঙ্গা থানার কুলডিহা এলাকায় একটি বাইকের সঙ্গে সঞ্জয়ের সাইকেলের সংঘর্ষ হয়। ঘটনায় বাইক আরোহীর পাশাপাশি সঞ্জয় গুরুতর জখম হন। তাঁকে উদ্ধার করে প্রথমে সারেঙ্গা হাসপাতাল ও পরে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মেডিক্যালে চিকিৎসা চলাকালীন সঞ্জয়ের মৃত্যু হয়।



