Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সরকারকে ধান বেচতে চাষির উৎসাহ বেড়েছে

সরকারকে ধান বেচতে চাষির উৎসাহ বেড়েছে
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নতুন খরিফ মরশুমের শুরুতেই প্রায় ১৮ লক্ষ চাষি সরকারের কাছে ধান বিক্রি করার জন্য নাম নথিভুক্ত করিয়েছেন। গত খরিফ মরশুমের তুলনায় এই সংখ্যা অনেকটাই বেশি। গতবছর মরশুমের শুরুতে চাষির সংখ্যা ১৫ লক্ষের কম ছিল। আরও চাষি যাতে নাম নথিভুক্ত করেন তার জন্য সক্রিয় হয়েছিল খাদ্যদপ্তর। 
Advertisement
নভেম্বর মাস থেকে নতুন খরিফ মরশুমে ধান কেনার কাজ শুরু করেছে খাদ্যদপ্তর। এখনও নতুন ধান খুব কম উঠেছে। তাই এখনও ধান কেনার কাজে গতি আসেনি। ডিসেম্বর থেকে ধান কেনার পরিমাণ বাড়বে। মার্চ-এপ্রিল পর্যন্ত সময়ে সবথেকে বেশি ধান কেনা হয় সরকারি উদ্যোগে। খাদ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, শনিবার পর্যন্ত প্রায় ৬৮০০ টন ধান কেনা হয়েছে। উত্তর ২৪ পরগনা জেলা থেকে এখনও পর্যন্ত সবথেকে বেশি প্রায় ২৮০০ টন ধান কিনেছে সরকার।
চলতি খরিফ মরশুমে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত ৭০ লক্ষ টন ধান কেনার লক্ষ্যমাত্রা আছে সরকারের। একজন চাষি সরকার নির্ধারিত ন্যূনতম সংগ্রহ মূল্যে (এমএসপি) সর্বোচ্চ ৯০ কুইন্টাল পর্যন্ত ধান সরকারের কাছে বেচতে পারেন। তবে ধান কেনার সময় চাষির জমির পরিমাণ খতিয়ে দেখা হয়। ধান কেনার প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এটি সহ একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। একজন প্রকৃত চাষি কি না তা জানতে নথিভুক্তি এবং ধান বিক্রির সময় আবেদনকারীর আধারের বায়োমেট্রিক যাচাই করা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ