সংবাদদাতা, ঘাটাল: সরকারি ত্রিপল উপভোক্তার নাম করে নিয়ে গায়েব করলেন তৃণমূল কমীরা। সেই ঘটনার প্রতিবাদ করায় বয়কটের শিকার হলেন চন্দ্রকোণা-১ ব্লকের ইন্দা গ্রামের তৃণমূলেরই সমর্থক এক পরিবার। রিয়াজুল হক নামে ওই পরিবার প্রধানের অভিযোগ, ‘আমাদের দলের লোকেরাই আমাদের পরিবারকে দীর্ঘ দিন পানীয় জল ব্যবহার করতে দিচ্ছেন না। বিদ্যুতের লাইনও কেটে দেওয়া হয়েছে। যখন তখন বাড়ির লোকদের মারধর করা হচ্ছে।’ এনিয়ে রিয়াজুল চন্দ্রকোণা থানায় লিখিত অভিযোগ করেছেন। কিন্তু অভিযোগকারী এবং অভিযুক্ত সকলেই শাসক দলের হওয়ায় পুলিস কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। চন্দ্রকোণা থানার পুলিস জানিয়েছে, এনিয়ে পুলিস অভিযোগ পেয়েছে। কেটে দেওয়া বিদ্যুতের তার সংযোগ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে ওই পরিবারের কোনও সমস্যা নেই।
Advertisement
তৃণমূলের অন্ধ সমর্থক রিয়াজুল তাঁর স্ত্রী, চার পুত্র এবং ৪০ দিনের একটি কন্যাসন্তান নিয়ে ওই গ্রামে থাকেন। বাড়ির কাঠামো এবং ছাউনির অবস্থাও ভালো নয়। বৃষ্টি হলে বাড়ির মধ্যে জল পড়ে। সেপ্টেম্বরের বৃষ্টির সময়ে ওই পরিবারকে দুর্ভোগে পড়তে হয়। ওই সময়ে রিয়াজুলের পরিবারের জন্য বিডিও অফিস থেকে ত্রিপল এবং চালও বরাদ্দ করা হয়। কিন্তু সেই ত্রিপল ও চাল তাঁর বাড়ি পর্যন্ত পৌঁছয়নি। রিয়াজুল বলেন, ‘পরে আমি বিডিও অফিসে গিয়ে জানতে পারি আমার সই নকল করে আমাদের দলের কর্মীরাই কেউ ওই ত্রিপল ও চাল তুলে নিয়েছেন।’ পাড়াতে ওই ঘটনার প্রতিবাদ করার পর থেকেই তার পরিবারের উপর নানা রকম অত্যাচার শুরু হয়েছে। তিনি জানান, ৪০ দিনের বাচ্চা সহ কখনও তাঁদের পরিবারের সবাইকে মারধর করা হচ্ছে। কখনও বিদ্যুতের তার কেটে দেওয়া হচ্ছে। পানীয় জল ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। এনিয়ে চন্দ্রকোণা থানায় একটি এফআইআর হলেও পুলিস কাউকে গ্রেপ্তার করছে না বলে অভিযোগ। তৃণমূল নেত্রী তথা ওই গ্রাম থেকে নির্বাচিত লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য তুহিনা বিবি বলেন, ‘রিয়াজুলের নামের ত্রিপল ও চাল তুলে নেওয়ার অভিযোগটি শুনেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে বয়কটের কোনও ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই।’ তৃণমূলের লক্ষ্মীপুর অঞ্চল সভাপতি মফু সরকারও একই সুরে জানান, বিষয়টি সম্পূর্ণ খোঁজ নিয়ে তবেই মন্তব্য করব।



