Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সরকারি সহযোগিতায় সামগ্রীর প্রসার জেলায়, খাদি মেলায় বিক্রি ছাড়াল আড়াই কোটি

সরকারি সহযোগিতায় সামগ্রীর প্রসার জেলায়, খাদি মেলায় বিক্রি ছাড়াল আড়াই কোটি
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: মুর্শিদাবাদ জেলা খাদি ও গ্রামীণ শিল্প পর্যদের উদ্যোগে বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে আয়োজিত খাদি মেলায় শনিবার পর্যন্ত বিক্রি প্রায় আড়াই কোটি টাকার কাছাকাছি। এই তথ্য প্রমাণ করে, সরকারি প্রচেষ্টায় রাজ্যে খাদি বস্ত্রের প্রতি আকর্ষণ ও তার প্রসার উত্তরোত্তর বাড়ছে। উজ্জীবিত খাদি শিল্পের সঙ্গে জড়িত শিল্পীরা। এবার মেলায় বিক্রি সর্বকালের রেকর্ড ভাঙবে বলেই দাবি করেছেন উদ্যোক্তারা। খাদি ও গ্রামীণ শিল্প পর্যদের জেলা আধিকারিক দেবর্ষি রায় বলেন, রাজ্য সরকারের উদ্যোগে খাদি শিল্পের প্রতি মানুষের আকর্ষণ উত্তরোত্তর বাড়ছে। খাদি বস্ত্রের গুণগত মান বৃদ্ধির প্রতি আমরা নজর দিয়েছি। বস্ত্রের গুণমানই আজ খাদির চাহিদাকে এই উচ্চতায় পৌঁছে দিয়েছে। খাদির চাহিদা বাড়ায় বহু মানুষের কর্ম সংস্থান হয়েছে।
Advertisement
গত ২২ ডিসেম্বর বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে খাদি মেলা ২০২৪-২৫ শুরু হয়েছে। আজ সোমবার মেলার শেষ দিন। এবার খাদি মেলায় বিভিন্ন জেলার মোট ১৭২টি স্টল এসেছে। ভালো বিক্রি হওয়ায় প্রত্যেক বিক্রেতার মুখে হাসি ফুটেছে। 
ডোমকল মহিলা গ্রামোদ্যোগ রেশম ও খাদি সমিতির সদস্য রুপম সরকার বলেন, বহরমপুর খাদি মেলা কোনও বছর নিরাশ করেনি। এবারও ভালো বিক্রি হচ্ছে। আয়োজনের কোনও ত্রুটি নেই। প্রতিদিন প্রচুর মানুষ মেলায় আসছেন। মা সন্তোষী খাদি গ্রামোদ্যোগ সঙ্ঘের সদস্য মৃন্ময় ঘোষ বলেন, মুর্শিদাবাদ জেলায় খাদি বস্ত্র অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। বহরমপুর শহরের মানুষের চাহিদার আঁচ করতে পেরে সেই পোশাকের সম্ভার নিয়েই মেলায় হাজির হই। গত বছরের থেকে এবারে বিক্রি অনেক বেশি।
সিল্ক, মসলিন, তসর, উলের পোশাকের পাশাপাশি মেলায় বাচ্চাদের খেলার ব্যবস্থা, কেনাকাটায় কার্ড ব্যবহারের সুবিধা, বিনামূল্যে হেলথ চেক আপের ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন বিভিন্ন স্বাদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রশাসন সূত্রে খবর, গত বছর খাদি মেলায় বিক্রি হয়েছিল ২ কোটি ৪৮ লক্ষ টাকার। এবার শনিবার পর্যন্ত বিক্রি ২ কোটি ৪০ লক্ষ ৫০০ টাকা। শেষ রবিবার ছুটির দিনে মেলায় ভিড় উপচে পড়েছে। প্রত্যেক স্টলই ভিড়ে ঠাসা। যা দেখে উদ্যোক্তা ও বিক্রেতাদের দাবি, এবার খাদি মেলার বিক্রি সর্বকালের রেকর্ড ভাঙবে। রবিবার ছাতিনা কান্দির বাসিন্দা বিপুল পাল পরিবার নিয়ে মেলায় এসেছিলেন। তিনি বলেন, খাদি মেলার জন্য সারা বছর অপেক্ষা করে থাকি। আমাদের পরিবারে খাদির পোশাকের চল রয়েছে।
সম্পর্কিত সংবাদ