Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সরকার অনুমোদিত দোকান থেকে আলুর বীজ কিনে ফ্যাসাদে চাষি 

সরকার অনুমোদিত দোকান থেকে আলুর বীজ কিনে ফ্যাসাদে চাষি 
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দেওয়ানহাট: ব্যাঙ্ক থেকে কৃষিঋণ নিয়ে চার বিঘা জমিতে আলু চাষ করে বিপাকে পড়েছেন কোচবিহারের এক আলু চাষি। টাকাগাছ গ্রাম পঞ্চায়েতের ট্যাংগনমারির বাসিন্দা বিকাশচন্দ্র পাল কৃষিদপ্তরের অনুমোদিত দোকান থেকে আলু বীজ কিনে জমিতে লাগানোর এক মাস পরেও সেই বীজ অঙ্কুরিত না হওয়ায় মাথায় হাত পড়েছে। কীভাবে ঋণের টাকা মেটাবেন সেই চিন্তায় ঘুম ছুটেছে তাঁর। কৃষিদপ্তরের অনুমোদিত আলু বীজ বিক্রেতার দোকানের বিরুদ্ধে সোমবার কৃষিদপ্তরে এসে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই চাষি। পাশাপাশি ক্রেতা সুরক্ষা দপ্তরেও লিখিত অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। 
Advertisement
ট্যাংগনমারির চাষি বিকাশচন্দ্র পাল প্রতিবছরেই তাঁর নিজের জমিতে আলু চাষ করেন। এ বছর তিনি ব্যাঙ্ক থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা কৃষিঋণ নিয়ে জমিতে আলু উৎপাদন করবেন বলে স্থির করেন। কৃষিদপ্তরের অনুমোদিত একটি বীজের দোকান থেকে আলুর বীজ কিনে জমিতে রোপণ করেন। কিন্তু এক মাস পেরিয়ে গেলেও সেই বীজ অঙ্কুরিত হয়নি। আর তাতেই মাথায় হাত পড়ে চাষির। এই ক্ষতি কিভাবে পূরণ করে ঋণ মেটাবেন তা ভেবেই পাচ্ছেন না ওই প্রান্তিক আলু চাষি। সোমবার তিনি কোচবিহার-২ ব্লক কৃষি আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। 
ক্ষতিগ্রস্ত ওই চাষি বিকাশচন্দ্র পাল বলেন, কৃষিদপ্তরের অনুমোদিত দোকান থেকে বীজ কিনে যদি আমাদের এরকম ক্ষতির মুখে পড়তে হয় তাহলে কোথায় আর ভরসার জায়গা থাকল। শুধু আমার নয়, আরও অনেক চাষির একই অবস্থা। আমি ব্যাঙ্ক থেকে প্রায় দেড় লক্ষ ঋণ নিয়ে জমিতে আলু লাগিয়েছিলাম। কীভাবে ঋণ মেটাব বুঝতে পারছি না। তিনি আরও বলেন, আলু চাষের জন্য জমি তৈরি থেকে সার, বীজ, শ্রমিক সব মিলিয়ে প্রতি বিঘায় ৩২ হাজার টাকা খরচ হয়ে গিয়েছে। এখন তো আর নতুন করে আলু চাষের সময়ও নেই। পাশের সব জমিতেই আলু চাষ হয়েছে। আমি যে খেতে ট্রাক্টর দিয়ে হাল দেব সেই উপায়ও নেই। জমি ফেলে রাখতে হবে বাধ্য হয়ে। কৃষিদপ্তরের লিখিত অভিযোগ জানিয়েছি। ক্রেতা সুরক্ষা আদালতেও মামলা করব। 
এবিষয়ে কৃষিদপ্তরের কোচবিহার জেলার ডেপুটি ডিরেক্টর (প্রশাসন) অসিতবরণ মণ্ডল বলেন, চাষির অভিযোগের ভিত্তিতে আমাদের প্রতিনিধি জমি পরিদর্শনে যাবেন। অভিযোগ সঠিক হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 
সম্পর্কিত সংবাদ