নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: নদীর চরের কাছে সরকারি জমিতে গড়ে ওঠা রিসর্ট সিল করে দিল প্রশাসন। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে প্রধাননগর থানার অন্তর্গত মিলন মোড় এলাকাতে। জানা গিয়েছে, ওই এলাকাতে একটি রিসর্ট নিয়ম বহির্ভূতভাবে নদীর চরের কাছে সরকারি জমিতে গড়ে উঠেছিল। যা নিয়ে মাটিগাড়ার ভূমি ও ভূমি রাজস্ব বিভাগের দপ্তরে অভিযোগ জমা পড়ে। বিষয়টি জানতে পেরে সোমবার এলাকায় গিয়ে সরেজমিনে তদন্ত করেন দপ্তরের আধিকারিকেরা। এরপর এদিন পুলিসকে সঙ্গে নিয়ে রিসর্টটি বন্ধ করে দেওয়া হয়। এপ্রসঙ্গে মাটিগাড়ার বিডিও বিশ্বজিৎ দাস বলেন, অবৈধভাবে রিসর্টটি গড়ে উঠেছিল বলে আমাদের কাছে অভিযোগ আসে। এরপরেই তদন্ত করে আমরা রিসর্টটি বন্ধ করে দিয়েছি।



