Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সরকারি ঘর নিয়ে বেনিয়ম, বেরেণ্ডা পঞ্চায়েতে বিক্ষোভ

সরকারি ঘর নিয়ে বেনিয়ম, বেরেণ্ডা পঞ্চায়েতে বিক্ষোভ
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কাটোয়া: বাংলার বাড়ি প্রকল্প নিয়ে বেনিয়মের অভিযোগে বুধবার আউশগ্রামের বেরেণ্ডা পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ দেখায় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন আউশগ্রাম-১ ব্লকের বেরেণ্ডা পঞ্চায়েতে ঘেরাও করা হয়। কুরুম্বা, শ্রীকৃষ্ণপুর, জয়কৃষ্ণপুর, বেরেণ্ডা ও বেলুটি সহ বিভিন্ন গ্রামের মানুষ এদিনের বিক্ষোভে শামিল হয়। তাদের অভিযোগ, বাংলার বাড়ি প্রকল্পে প্রকৃত প্রাপকরা ঘর পাচ্ছেন না। নেতা বা প্রভাবশালীদের ঘনিষ্ঠদের দোতলা বাড়ি থাকা সত্ত্বেও পুনরায় তালিকায় নাম চলে আসছে। গত অর্থবর্ষের শস্য বিমার টাকা তছরুপেরও অভিযোগ তুলছেন বাসিন্দারা। বিক্ষোভকারী জুলফিকার আলি মণ্ডল বলেন, যাঁরা প্রকৃত গরিব তাঁরা সরকারি বাড়ি থেকে বঞ্চিত হচ্ছেন। অথচ যাঁদের দোতলা বাড়ি রয়েছে তাঁদের বাড়ির তালিকায় নাম এসেছে। শ্রীকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা রহমত শেখ বলেন, আমাদের গ্রামে অনেক চাষির শস্য বিমার টাকা দেওয়ার সময়েও বেনিয়ম করা হয়েছিল। তাই আমরা সবাই মিলে পঞ্চায়েতে এসেছিলাম। তৃণমূলের এক নেতা বলেন, ওই পঞ্চায়েতে কোনও বেনিয়ম হয়নি। ব্লক অফিস থেকে সরকারি কর্মীরা সমীক্ষা করে নাম তুলেছে। বেরেণ্ডা পঞ্চায়েতের প্রধান মারিয়ম খাতুন এবিষয়ে কিছু বলতে চাননি।
Advertisement
সম্পর্কিত সংবাদ