Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, মেদিনীপুরে অভিযুক্ত তৃণমূল নেতা, তদন্ত

সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, মেদিনীপুরে অভিযুক্ত তৃণমূল নেতা, তদন্ত
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর:  সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল মোহনপুর ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি প্রদীপ পাত্রের বিরুদ্ধে। ইতিমধ্যে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে মোহনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ, জেলার এক বিধায়কের ঘনিষ্ঠ প্রভাবশালী ওই নেতা প্রায় ১০ লক্ষ টাকার বিনিময়ে একজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাঁর কাছ থেকে কয়েক লক্ষ টাকা নিলেও, তিনি চাকরি পাননি। এই খবর জানাজনি হতেই জেলা তৃণমূল নেতৃত্ব কড়া পদক্ষেপ নেওয়ার বার্তা দিয়েছে। তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আগেও ওই নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। তাই ব্লক সভাপতির পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। অবশ্য প্রদীপবাবু বলেন, এবিষয়ে আমার কিছু জানা নেই। থানায় কোনও অভিযোগ হলে পুলিস তদন্ত করে ব্যবস্থা নেবে। 
Advertisement
এবিষয়ে জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা বলেন, আমাদের দল কোনও বেআইনি কাজকর্ম সমর্থন করে না। প্রয়োজনে কড়া পদক্ষেপ নেবে দল। অন্যায় করে কেউ ছাড় পাবে না। তিনি দলের যে পদেই থাকুন। দলের নিয়ম শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নন। 
প্রতারিত হওয়া পরিবারের অভিযোগ, ২০২০ সালের জানুয়ারি মাসে ওই তৃণমূল নেতা পরিবারের এক সদস্যকে ডেকে পাঠান। তিনি বাড়ির একজন শিক্ষিত সদস্যকে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তার বিনিময়ে উনি ১২ লক্ষ টাকা দাবি করেন। কিন্তু কৃষক পরিবারের ওই সদস্য এত টাকা দিতে পারবেন না বলে জানান। পরে ২ লক্ষ টাকা কমিয়ে ওই তৃণমূল নেতা ১০ লক্ষ টাকা দিলেই  চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন। এরপর বাড়িতে থাকা গয়না বিক্রি করে ধাপে ধাপে তৃণমূল নেতাকে বেশকয়েক লক্ষ টাকা দেওয়া হয়। এমনকী, চাকরির পরীক্ষার অ্যাডমিট কার্ড নিয়েছিলেন ওই নেতা। কিন্তু চাকরি হয়নি। চাকরি কবে হবে, জিজ্ঞাসা করলেই ওই নেতা নানা টালবাহানা শুরু করেন। 
এভাবে দু’বছর কেটে যাওয়ায় পরিবারের সদস্যরা বুঝতে পারেন, তাঁরা প্রতারিত হয়েছেন। এরপর ওই নেতার হাতেপায়ে ধরায় তিনি কিছু টাকা ফেরতও দিয়েছেন। কিন্তু এখনও অনেক টাকা ওই পরিবার পাবেন। ইতিমধ্যেই পুলিসের কাছে অভিযোগ জানিয়ে বাকি টাকা উদ্ধারের জন্য অনুরোধ জানিয়েছেন উক্ত পরিবারের সদস্যরা। 
এক তৃণমূল নেতার কথায়, ওই নেতার অডিও ক্লিপ সামনে এসেছে। তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া এক প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ প্রদীপবাবু। চাকরি দেওয়ার নামে তিনি আরও অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন বলে জানা গিয়েছে। এমনকী, আবার ব্লক সভাপতি পদে বসার জন্য উঠেপড়ে লেগেছেন এই নেতা।
এনিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি নেতৃত্ব। এদিন জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস বলেন, তৃণমূল মানেই তোলাবাজি। ওদের দলের মন্ত্রীই চাকরি দেওয়ার নাম করে টাকা তুলে এখন জেল খাটছেন। মানুষ সবই বুঝতে পারছেন। আগামী দিনে তৃণমূল তার যোগ্য জবাব পাবে। 
সিপিআই নেতা মণিকুন্তল খামরুই বলেন, অনেক তৃণমূল নেতাই টাকা নিয়ে চাকরির প্রতিশ্রুতি দিচ্ছেন। কিন্তু  চাকরি হচ্ছে না। প্রতারিত হচ্ছে বহু পরিবার।
সম্পর্কিত সংবাদ