সংবাদদাতা, বেলদা: প্রায় পাঁচশো বছর আগের কথা। পুরীধামের উদ্দেশে যাত্রাপথে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার ময়নাপাড়ায় এসে বিশাল এক বটগাছের তলায় বিশ্রাম নিয়েছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভু। কথিত আছে, সপার্ষদ পথের ক্লান্তি দূর করতে বড় দিঘির পাড়ে এই বটবৃক্ষের নীচে একরাত্রি কাটিয়েছিলেন তিনি। বৈষ্ণব ঐতিহ্যে সেই স্থানই পরিচিত ‘বিশ্রামতলা’ নামে। পরদিন সকালে দাঁতনের পথ ধরে পুরীর উদ্দেশে রওনা হন মহাপ্রভু। ইতিহাসের সেই স্মৃতিকে ঘিরেই আজও অমলিন ময়নাপাড়ার রাস উৎসব।
স্থানীয় জনশ্রুতি অনুযায়ী, ১৫১০ সাল নাগাদ মহাপ্রভুর পুরী গমনের সময় এই ঘটনা ঘটে। কথিত আছে, নিমাই পুরী পৌঁছনোর পর একদিন স্থানীয় বৈষ্ণব নন্দ দাস স্বপ্নাদেশ পান। এরপর তিনি নিজেই মহাপ্রভুর মূর্তি তৈরি করে পুজো শুরু করেন। পরবর্তীকালে এলাকার জমিদারেরা সেই পুজোর দায়িত্ব নেন। এভাবেই নানা উত্থান-পতনের মধ্য দিয়ে গড়ে ওঠে ময়নাপাড়ার রাস উৎসব। কালের নিয়মে সেই প্রাচীন বটগাছ আর নেই। তবে তার শিকড় থেকে নতুন গাছ লাগিয়ে আজও বটতলায় মাটির মহাপ্রভুর মূর্তি প্রতিষ্ঠা করে পুজো করা হয়।
প্রায় দেড়শো বছর ধরে চলে আসা এই রাস উৎসব কার্তিক মাসের একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত পাঁচদিন ধরে অনুষ্ঠিত হয়। গত ২০ নভেম্বর একাদশী তিথিতে নারায়ণগড়ের বিধায়ক রমাপ্রসাদ গিরির হাত ধরে উৎসবের সূচনা হয়। নগর সংকীর্তন ও পরিক্রমার মধ্যে দিয়ে শুরু হওয়া উৎসবে রয়েছে কীর্তন, যাত্রাপালা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দুঃস্থদের বস্ত্রদান। সন্ধ্যায় প্রধান সেবাইতের কাঁধে চড়ে খোল-করতালের তালে মহাপ্রভুর নৃত্য উৎসবের অন্যতম আকর্ষণ। প্রতিদিন দুপুর ও রাতে ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। ওড়িশা, ঝাড়খণ্ড-সহ দূরদূরান্ত থেকে বহু ভক্ত সমাগম হয় এখানে। বর্তমানে ভক্তদের সহযোগিতায় তৈরি হচ্ছে নতুন মন্দির।
রাস উৎসব কমিটির সদস্য চঞ্চল দাস ও সুকান্ত দিন্ডাদের কথায়, মহাপ্রভুর স্মৃতিবিজড়িত এই ইতিহাস ও ঐতিহ্যকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতেই তাঁদের এই উদ্যোগ। বলেন, আমরা চেয়েছি প্রাচীন ঐতিহ্যকে বজায় রাখতে। তবে আমাদের এই মন্দিরে আসার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল। প্রশাসনের গোচরে আনার চেষ্টা করেছি।



