নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উপাচার্যের পদত্যাগের দাবিতে সত্যজিত্ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে (এসআরএফটিআই) পড়ুয়াদের আন্দোলন চলছেই। তারই মধ্যে পড়ুয়াদের অভিযোগ, ধিভাহার মুথুভিরন নামের এক ছাত্রের ছবি পর্তুগালের একটি চলচ্চিত্র উত্সবে নির্বাচিত হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ জানিয়েছেন, বহিষ্কৃত পড়ুয়াকে ‘ট্রাভেল ফান্ডিং’ দেওয়া যাবে না। ছাত্র সংসদের অভিযোগ, এসআরএফটিআই ওই পড়ুয়ার শৈল্পিক যাত্রায় বাধা হয়ে দাঁড়াচ্ছে।
এসআরএফটিআইতে দেড় মাস ধরে যা চলছে, গোটা বিষয় নিয়ে এবার মুখ খুলেছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এই বিষয়ে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়গুলির অতিরিক্ত রাজনীতিকরণ হয়ে গিয়েছে। সেটা ছাত্র বা শিক্ষকের দিক থেকে হোক। সকলে মনে করছে, তাঁরাই ঠিক। এটা রিভিউ করা দরকার। এসআরএফটিআইতে যা হচ্ছে রাজ্যের সৃজনশীল অর্থনীতির ক্ষেত্রে খুব খারাপ প্রচার। আপনারা চিন্তা করুন সুষ্ঠভাবে এর কী সমাধান হতে পারে।’ এদিকে, কান চলচ্চিত্র উত্সবে পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক শৌনক সেন এবং অন্য পরিচালকরা এসআরএফটিআই নিয়ে উদ্বেগ প্রকাশ করে উপাচার্য ও তথ্য-সংস্কৃতি মন্ত্রককে চিঠি পাঠিয়েছেন।
এসআরএফটিআইয়ের পড়ুয়া নচিকেত এদিন বলেন, ‘ধিভাহারকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে। এর আগেও অন্য এক পড়ুয়ার উপর এমন নির্দেশ এসেছিল। আমরা উপাচার্যকে চিঠি লিখব।’ তামিলনাড়ুর ছেলে ধিভাহার অ্যানিমেশন বিভাগের পড়ুয়া। তাঁর ‘উইংস’ ছবিটি আগে জাকার্তা চলচ্চিত্র উত্সবে দেখানো হয়েছিল। সেইসময় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু পর্তুগালের কামিনহস চলচ্চিত্র উত্সবে নির্বাচিত হওয়ার পরেই ডিন মারফত জানানো হয়েছে, বহিষ্কারের জন্য ‘ট্রাভেল ফান্ডিং’ দেওয়া যাবে না! ১০ মিনিটের তামিল ভাষায় অ্যানিমেশন ফিল্ম ‘উইংস’ এক গ্রামের শিশুর স্কুলে যাওয়ার স্বপ্নের গল্প বলে।



