Bartaman Logo
২৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

এসআরএফটিআই: নিন্দা টলি পাড়ার

এসআরএফটিআইয়ে অশান্তির ঘটনা নিয়ে মুখ খুলতে শুরু করেছেন ফিল্ম ইন্ডাস্ট্রির বিশিষ্টজনেরা। শিক্ষা প্রতিষ্ঠানে এধরনের ঘটনা যে একেবারেই কাম্য নয়, স্পষ্ট করেছেন তাঁরা।

এসআরএফটিআই: নিন্দা টলি পাড়ার
  • ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

এসআরএফটিআইয়ে অশান্তির ঘটনা নিয়ে মুখ খুলতে শুরু করেছেন ফিল্ম ইন্ডাস্ট্রির বিশিষ্টজনেরা। শিক্ষা প্রতিষ্ঠানে এধরনের ঘটনা যে একেবারেই কাম্য নয়, স্পষ্ট করেছেন তাঁরা। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘কর্তৃপক্ষকে অনুরোধ জানাই ভবিষ্যতে কোনো জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানের কোনো অংশ ভাড়া দেওয়ার আগে বিবেচনা করতে যে, ওই প্রতিষ্ঠানের সঙ্গে তারা কোনোভাবে যুক্ত বা প্রাসঙ্গিক কি না। সেটা না হলে আর দশটা ব্যাংকোয়েট বা হলের মতো ভাড়া না দিলেই মঙ্গল।’ রবিবারের ঘটনায় জাতীয় প্রতিষ্ঠান হিসাবে এসআরএফটিআইয়ের ভাবমূর্তি যে ক্ষুণ্ণ হয়েছে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। বলেছেন, ‘আমরা সচেতন না হলে দেশের কাছে আমাদের ভাবমূর্তি খারাপ হবে বারবার।’ 

Advertisement

কলকাতার এই ঘটনা নিয়ে সরব হয়েছেন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির বিশিষ্টরাও। পরিচালক অনুরাগ কাশ্যপ সমাজমাধ্যমে লিখেছেন, ‘এটা তো সবে শুরু, আরও হবে।’ শিল্পকলার সঙ্গে সম্পর্ক নেই এমন একটি অনুষ্ঠানের অনুমতি কীভাবে এসআরএফটিআই-এর অডিটোরিয়ামে দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়ের বক্তব্য, ‘এসআরএফটিআই ক্যাম্পাসের ভিতরের হিংসা আর বিশৃঙ্খলার তীব্র নিন্দা জানাই। পুলিশ ও প্রশাসনের উচিত দ্রুত দোষীদের আইনের আওতায় আনা।’ পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য ক্যাম্পাসের অন্দরের একটি ছবি শেয়ার করেছেন সমাজমাধ্যমে। ছবিতে দেখা যাচ্ছে, রক্ত দিয়ে লেখা হয়েছে ‘আরএসএস’। তাঁর প্রশ্ন, ‘আর কত মারবি? আর কত ভয় দেখাতে পারবি? কাদের মেরে দুনিয়া জয় করবি? সব হিসাব হবে।’ অভিনেতা ঋদ্ধি সেন প্রশ্ন তুলেছেন টলিপাড়ার একাংশের নীরবতা নিয়ে। তাঁর ভাষায়, ‘সত্যজিৎ রায় বা উত্তমকুমারের শতবর্ষ উদযাপনে যাঁরা অংশ নিচ্ছেন, তাঁরা চলচ্চিত্রের ছাত্রদের উপর হামলার ঘটনার প্রতিবাদে নেই কেন?’ একই সুর পরিচালক সৌরভ পালোধির। তিনি বলেছেন, ‘এই ঘটনাতেও চুপ থাকলে ইন্ডাস্ট্রির অংশ হিসাবে নিজেকে পরিচয় দেবেন কীভাবে?’ অভিনেত্রী রূপালি রাই ভট্টাচার্য বলেন, ‘সত্যজিৎ রায়ের নামাঙ্কিত চলচ্চিত্র শিক্ষাপ্রতিষ্ঠানের উপর হামলায় যে সব শিল্পী ও কলাকুশলী নীরব সমর্থক তাঁদের ধিক ধিক ধিক।’ এসআরএফটিআইয়ের প্রাক্তনী তথা ‘অ্যাকাডেমি অব ফাইন আর্টস’ ছবির পরিচালক জয়ব্রত দাস ফোনে বললেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনা সত্যিই মেনে নেওয়া যায় না। ইনস্টিটিউটে রক্তপাতের নেপথ্যে যাঁরা দায়ী, তাঁদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ