সত্যজিৎ রায়ের সাহিত্যজগৎ নতুন করে বড়োপর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক সন্দীপ রায়। প্রদীপকুমার নন্দীর প্রযোজনায় তৈরি হতে চলেছে সত্যজিতের লেখা চারটি গল্প অবলম্বনে একটি অ্যান্থলজি ছবি। এটি নন্দী মুভিজের দশম ছবি। ‘খগম’, ‘বাতিক বাবু’, ‘ভুতো’, ‘নীল আতঙ্ক’— এই চারটি গল্প নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। সন্দীপ বাবু জানালেন, দীর্ঘদিন ধরেই ছোটোগল্প নিয়ে কাজ করার ইচ্ছা ছিল তাঁর। এর আগে ‘যেখানে ভূতের ভয়’, ‘চার’-এর মতো ছবি করেছেন তিনি। টেলিভিশনের জন্যও ছোটোগল্প নিয়ে কাজ করেছেন। এবার ফের সেই ধারায় ফিরতে পেরে খুশি পরিচালক। তাঁর কথায়, ‘ছোটোগল্প নিয়ে কাজ করার ইচ্ছা বহুদিনের। অবশেষে আমার স্বপ্নপূরণ হচ্ছে।’ ছবিতে অভিনয় করছেন শুভাশিস মুখোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়, সুপ্রিয় দত্ত, শুভ্রজিৎ দত্ত এবং কৌশিক বন্দ্যোপাধ্যায়।



