Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

চড়ের বিজ্ঞাপন, ভাজ্জিকে তুলোধোনা করলেন শ্রীসন্থ

১৮ বছর আগের আইপিএলে চড় কাণ্ডের রেশ এখনও কাটেনি। ফের মাথাচাড়া দিল হরভজন সিং ও সান্তাকুমারন শ্রীসন্থের ঝামেলা।

চড়ের বিজ্ঞাপন, ভাজ্জিকে তুলোধোনা করলেন শ্রীসন্থ
  • ২৬ এপ্রিল, ২০২৬ ০৮:০৪
Prefer us on Google

নয়াদিল্লি: ১৮ বছর আগের আইপিএলে চড় কাণ্ডের রেশ এখনও কাটেনি। ফের মাথাচাড়া দিল হরভজন সিং ও সান্তাকুমারন শ্রীসন্থের ঝামেলা। এবার ভাজ্জির একটি বিজ্ঞাপন ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। আসলে সেই বাণিজ্যিক প্রচারে টেনে আনা হয়েছে ২০০৮ আইপিএলে শ্রীসন্থের গালে ভাজ্জির সপাটে মারা থাপ্পড়ের ঘটনা। আর তাতে বেজায় ক্ষুব্ধ প্রাক্তন ভারতীয় পেসার। তাঁর অভিযোগ, ‘চড় কাণ্ড নিয়ে বিজ্ঞাপন করে প্রচুর অর্থ পকেটে পুরেছে হরভজন। অথচ ওই ঘটনার পর ওকে আমি ক্ষমা করে দিয়েছিলাম। তার পরেও ওর এমন আচরণ অত্যন্ত নিন্দনীয়। চরম অনৈতিক কাজ করেছে। ভুলে গিয়েছে যে, এই ঘটনার সঙ্গে আমার সম্মান জড়িত।’

Advertisement

২০১৬ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন শ্রীসন্থ। ১০ বছর পর আম আদমি পার্টি ছেড়ে গেরুয়া শিবিরে ভিড়লেন হরভজনও। দুই প্রাক্তন ক্রিকেটারই এখন এক ছাতার তলায়। তবু দূরত্ব কমা দূর-অস্ত, ভাজ্জিকে রীতিমতো তুলোধোনা করলেন কেরালাইট পেসার। কিছুদিন আগে ভাজ্জির একটি বিজ্ঞাপন প্রকাশ পেয়েছে। তাতে চড় মেরে যন্ত্রপাতি ঠিক করতে দেখা যাচ্ছে কয়েকজন কর্মীকে। তাদের মধ্যে মাথায় সাদা ফেট্টি বাঁধা নীল জার্সি পরিহিত একজনের কাছে গিয়ে হরভজনকে বলতে শোনা যায়, ‘ওভাবে নয় শ্রীমান, বিগড়ানো জিনিসকে ঠিক করতে গেলে এভাবে চড় মারতে হয়।’ বলেই রেফ্রিজারেটরটিতে কষিয়ে থাপ্পড় বসান ভাজ্জি। অমনি তা ঠিক হয়ে যায়। এই প্রসঙ্গে শ্রীসন্থ বলেন, ‘কিছুদিন আগে আমায় ফোন করে বিজ্ঞাপন শেয়ার করার অনুরোধ করেছিল হরভজন। আমি রাজি হইনি।’

Advertisement
সম্পর্কিত সংবাদ