Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সর্বনিম্ন তাপমাত্রায় দার্জিলিংয়ের সঙ্গে পাল্লা দিচ্ছে পুরুলিয়া শহর!

সর্বনিম্ন তাপমাত্রায় দার্জিলিংয়ের সঙ্গে পাল্লা দিচ্ছে পুরুলিয়া শহর!
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণবঙ্গ জুড়ে কনকনে শীতের তীব্রতা রবিবার আরও বেড়েছে। কলকাতায় এদিন ছিল মরশুমের এখনও পর্যন্ত  শীতলতম দিন (১২.৫ ডিগ্রি সেলসিয়াস)। দক্ষিণবঙ্গের সমতল এলাকা পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা (৫.৯ ডিগ্রি) এদিন দার্জিলিংয়ের (৫.৬ ডিগ্রি) কাছাকাছি পৌঁছে যায়। শীতকালে মাঝে মাঝে পাহাড়ি শহর কালিম্পংয়ের সর্বনিম্ন তাপমাত্রা পুরুলিয়ার থেকে বেশি এবারও একাধিকবার হয়েছে। কিন্তু পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা দার্জিলিংয়ের কাছাকাছি সচরাচর হয় না। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা এইচ আর বিশ্বাস জানিয়েছেন, কালিম্পংয়ের উচ্চতা দার্জিলিংয়ের থেকে কম হওয়ার জন্য এখানে শীতের তীব্রতা তুলনামূলকভাবে কিছুটা কম হয়। জোরালো উত্তুরে হাওয়ার জন্য এদিন পুরুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা আরও  অনেকটা কমে যায়। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৭.১ ডিগ্রি সেলসিয়াস কম ছিল। এটা আবহাওয়াগতভাবে তীব্র শৈত্যপ্রবাহ পরিস্থিতি। অন্যদিকে দার্জিলিংয়ে গত কয়েকদিনের তুলনায় রবিবার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। যদিও দার্জিলিংয়ের একটি জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ৫.৬ ডিগ্রি হলেও তুলনামূলকভাবে উঁচু অন্য একটি জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা রবিবারও ২ ডিগ্রি রেকর্ড হয়েছে। 
Advertisement
তবে দক্ষিণবঙ্গ জুড়ে গত কয়েকদিন ধরে যে কনকনে শীত চলছিল তার তীব্রতা আপাতত  কমতে চলেছে। তাপমাত্রা আপাতত আরও নামবে  না। আজ সোমবার থেকে কোথাও শৈত্যপ্রবাহের সতকর্তা নেই। আজ অল্প তাপমাত্রা বৃদ্ধি  হতে পারে। তারপর তাপমাত্রা আরও বাড়বে। তবে শীতের আমেজ থাকবে। কলকাতায় এই দফায় আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়লেও সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা। বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। এই নিম্নচাপটিও তামিলনাড়ু উপকূলের দিকে গেলেও রাজ্যের উপর বায়ুপ্রবাহের গতিপ্রকৃতি পরিবর্তন হবে। পুবালি বাতাস কিছুটা ঢুকবে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার জন্য উত্তুরে হাওয়ার সক্রিয়তা কমবে। আগামী ৪ -৫ দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পশ্চিম হিমালয়ের উপর যে ঝঞ্ঝাটি আসছে সেটি সরে গেলে ফের উত্তুরে হাওয়া সক্রিয় হয়ে তাপমাত্রা কমাবে।  
সম্পর্কিত সংবাদ