নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ইংরেজি নববর্ষের প্রথম দিন বুধবার বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ল। রাঢ়বঙ্গের অধিষ্ঠাত্রী দেবীর পুজো দিয়ে নতুন বছরের পথচলা শুরু করতেই ভক্তরা ভিড় জমান। পূর্ব বর্ধমান সহ বিভিন্ন জেলার মানুষ এদিন এই প্রাচীন মন্দিরে পুজো দেন। মন্দির কর্তৃপক্ষের দাবি, এদিন দুপুর অবধি মন্দির চত্বরে প্রায় ১২হাজার ভক্তের সমাগম হয়েছিল। নিয়ম মেনে এদিন সকাল ৬টা ৩০মিনিট থেকে ভক্তরা পুজো দিতে শুরু করেন। বেলা বাড়তেই ভিড়ও বাড়তে থাকে। পুণ্যার্থীদের লাইন সামলাতে মন্দির চত্বরে পুলিসের কড়া নজরদারি ছিল। ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণও করা হয়। পুজো দিতে আসা মিশা মল্লিক বলেন, মায়ের পুজো দিয়ে নতুন বছর শুরু করতেই মন্দিরে আসা।



