Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সার্ভিস রোডের ধারে বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা

সার্ভিস রোডের ধারে বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: সার্ভিস রোডের ধারে তিনটি বিদ্যুতের খুঁটি রেখেই চলছে ফ্লাইওভার নির্মাণের কাজ। এতে চলাচলে সমস্যায় পড়েছেন গাড়িচালক ও পথচারীরা। ফলে হরিশ্চন্দ্রপুরগামী নবনির্মিত ৩১ নম্বর জাতীয় সড়কে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও। শনিবার ভোরে জাতীয় সড়কে ফ্লাইওভার থেকে কিছুটা দূরে কাবুয়া রোড এলাকায় কালীমন্দিরের সামনে তুলসীহাটার তিন পথচারীর মৃত্যু হয়েছে পিকআপ ভ্যানের ধাক্কায়। জাতীয় সড়কের উপরে ভবানীপুর চৌরাস্তার মোড়ে হচ্ছে ফ্লাইওভার। যানবাহন চলাচলের সুবিধার্থে ফ্লাইওভারের দু’পাশে হচ্ছে সার্ভিস রোড। ফ্লাইওভারের পাশে দক্ষিণ দিকে পুরনো ৮১ নম্বর জাতীয় সড়কটিকে সার্ভিস রোড হিসেবে ব্যবহার করা হয়েছে। কিন্তু সেই রোডের গা ঘেঁষে এখনও রয়ে গিয়েছে বিদ্যুতের তিনটি খুঁটি। একটি কংক্রিটের। দুটি লোহার। 
Advertisement
স্থানীয় বাসিন্দা বিনোদ গুপ্তা বলেন, খুঁটি তিনটির জন্য রাস্তা সংকীর্ণ হয়ে পড়েছে। ঘটছে দুর্ঘটনাও। স্থানীয় বাসিন্দা ও গাড়িচালকরা খুঁটিগুলিকে সরানোর দাবি তুলেছেন।
জাতীয় সড়ক কর্তৃপক্ষের মালদহ ডিভিশনের সহকারি বাস্তুকার দিগন্ত কুণ্ডু বলেন, অধিগৃহীত জমির উপরে সড়ক ও ফ্লাইওভারের কাজ চলছে। আর জমি নেই। রাস্তার পাশে যাঁদের জমি রয়েছে তাঁরা খুঁটি বসাতে দিচ্ছেন না। তাই এতদিন ধরে খুঁটি তিনটি রয়েই গিয়েছে। শীঘ্রই জমি মালিকদের সঙ্গে আলোচনা করে জায়গা নিয়ে খুঁটি দুটি সরানো হবে।
সম্পর্কিত সংবাদ