সংবাদদাতা, রামপুরহাট: দুই এএসআইয়ে বদলির পর এবার সরিয়ে দেওয়া হল নলহাটি থানার ওসি সুমিত মণ্ডলকেও। তাঁর জায়গায় এনফোর্সমেন্ট বিভাগের ইন্সপেক্টর মহম্মদ আলিকে নলহাটি থানার বাড়তি চার্জ দেওয়া হল। নলহাটি থানার একাধিক পুলিস অফিসারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ তুলে আসছিলেন সাধারণ মানুষ। দিনকয়েক আগে বিক্ষোভ, অবরোধও করেন কিছু বাসিন্দা। পুলিসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের পাশাপাশি রাজস্ব ফাঁকি দিয়ে বালি, পাথর লুটে মদত দেওয়ার অভিযোগ ওঠে। সেই সঙ্গে এলাকায় জুয়া ও নেশার রমরমা বেড়েছে বলে অভিযোগ ওঠে। অভিযোগ নেওয়া হলেও ব্যবস্থা নেওয়া হচ্ছিল না। যার জেরে ওসির সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন এলাকার তৃণমূল বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিং। অবশেষে ১৭ নভেম্বর নলহাটি থানার দুই এএসআই দীপঙ্কর রারিক ও চৌধুরী সামসুল আফরিনকে যথাক্রমে আহমদপুর আউটপোস্ট ও বোলপুর থানায় বদলি করে দেওয়া হয়। এবার ওসিকেও সরিয়ে দেওয়া হল। যদিও জেলা পুলিসের এক কর্তার দাবি, এটা রুটিং বদলি।



