ঝাড়খণ্ডের নকল পেট্রল দেদার বিক্রি হচ্ছে বীরভূমে, শোরগোল
  • ১৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট: গোরু, কয়লা কিংবা আগ্নেয়াস্ত্রের পর এবার ঝাড়খণ্ড সীমানা পেরিয়ে বীরভূমে অবাধে ঢুকছে নকল পেট্রল। কেরোসিনের সঙ্গে বিশেষ রাসায়নিক ও রং মিশিয়ে তৈরি এই নকল পেট্রল এখন ছেয়ে গিয়েছে রামপুরহাট, নলহাটি ও মুরারইয়ের মতো এলাকার রাস্তার ধারের দোকানগুলিতে। প্রশাসনের নজরদারি এড়িয়ে কীভাবে এই অবৈধ কারবার ফুলেফেঁপে উঠছে, তা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ ছড়িয়েছে। পেট্রলের অপব্যবহার রুখতে পেট্রল পাম্পগুলিতে বোতলে বা খোলা পেট্রল বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। গ্রামাঞ্চল এবং পাথর শিল্পাঞ্চলে পেট্রল পাম্পের সংখ্যা কম হওয়ায় মাঝপথে বাইকের তেল ফুরিয়ে গেলে চালকরা রাস্তার ধারের ছোট দোকানগুলির উপরই নির্ভর করেন।  সূত্রের খবর, ঝাড়খণ্ড থেকে বীরভূমে প্রবেশের ১৩টি নাকা-তল্লাশি পয়েন্টের নজরদারি এড়িয়ে টোটোয় ড্রামবোঝাই করে এই তেল নিয়ে আসা হচ্ছে। বাংলার পাম্পগুলিতে আসল পেট্রলের দাম যেখানে লিটার প্রতি প্রায় ১০৬ টাকা, সেখানে ঝাড়খণ্ডের এই ভেজাল তেল মাত্র ৮৫টাকা লিটার দরে রাস্তার ধারের চা বা খাবারের দোকানগুলিতে সরবরাহ করা হচ্ছে। অথচ দোকানদাররা সেই ভেজাল তেলই বাইক চালকদের কাছে ১২০টাকা লিটার দরে বিক্রি করছেন। বেশি মুনাফার লোভে আসল তেলের বদলে এই নকল তেল বিক্রিতে ঝুঁকছেন বিক্রেতারা। রামপুরহাটের রাস্তার ধারের এক বিক্রেতা স্বীকার করেন, এই তেলে ক্ষতিকারক ভেজাল থাকায় দীর্ঘদিন ব্যবহার করলে বাইকের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই পরিচিত চালকদের তাঁরা এই তেল দেন না। এই অবৈধ কারবারের জেরে ক্ষতির মুখে পড়েছেন বৈধ পেট্রল পাম্প মালিকরা। রামপুরহাটের এক পাম্প মালিক সায়ন হাজরা জানান, ঝাড়খণ্ডের নকল পেট্রল পাথর শিল্পাঞ্চল ও গ্রামগঞ্জের বিক্রেতারা ৮৫টাকা লিটার দরে কিনে এনে বিক্রি করছে। এতে তাদের লাভ হলেও আমাদের ব্যবসায় ক্ষতি হচ্ছে। সাধারণ ক্রেতাদের পক্ষে নকল তেল কিনা বোঝা কঠিন। অনেকে বলেন, এই তেল ব্যবহার করলে ইঞ্জিনে সমস্যা হবে। সীমানা সংলগ্ন গ্রাম ও শিল্পাঞ্চলে এই নকল পেট্রলের রমরমা রুখতে সাধারণ মানুষের মধ্যে যেমন সচেতনতা জরুরি, তেমনই প্রশাসনের কড়া পদক্ষেপের দাবি উঠছে। পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, খুব শীঘ্রই এই অবৈধ কারবারের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হবে।

Advertisement