Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পোড়ামাটির হাটে আজ বসন্ত উৎসব ঘিরে বাড়ছে উন্মাদনা

পোড়ামাটির হাটে আজ বসন্ত উৎসব ঘিরে বাড়ছে উন্মাদনা
  • ১৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বিষ্ণুপুর: বিষ্ণুপুরের বিধায়কের উদ্যোগে আজ, শুক্রবার পোড়ামাটির হাটে বসন্ত উৎসব। বাহারি রঙে সেজে উঠেছে হাট চত্বর। জোড়শ্রেণির মন্দির লাগোয়া জায়গায় তৈরি হয়েছে সাংস্কৃতিক মঞ্চ। দোল উৎসবে অংশ নেবেন আট থেকে আশি সকলেই। বিষ্ণুপুর শহর ছাড়াও আশেপাশের বহু গ্রামের যুবক-যুবতীরা অংশ নেবেন উৎসবে। পোড়ামাটির হাট কার্যত মিলন মেলায় পরিণত হবে। তবে, শুধু রং খেলাই নয়। উৎসবে শামিল হওয়া মানুষজনের জন্য মিষ্টি এবং শরবত খাওয়ানোর ব্যবস্থা করা হবে। মনোরঞ্জনের জন্য সাংস্কৃতিক মঞ্চে নানা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর লেখা ও সুর দেওয়া গানের সঙ্গে নৃত্যানুষ্ঠানও হবে।  

Advertisement

বিধায়ক তন্ময় ঘোষ বলেন, বিষ্ণুপুরে আগে বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় দোল উৎসব হতো। ২০২১ সালে আমি বিধায়ক হওয়ার পর দোলের দিন গোটা শহরকে পোড়ামাটির হাটে একত্রে সমবেত করতে সক্ষম হয়েছি। নানা আঙ্গিকে পালন করায় বসন্ত উৎসব আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। বিষ্ণুপুর ছাড়াও আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ বসন্ত উৎসবে শামিল হন। এবারও তার ব্যতিক্রম হবে না। 
আয়োজকরা জানিয়েছেন, আজ, শুক্রবার সকালে শহরের রামশঙ্কর মুক্ত মঞ্চ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। তাতে শহরের বিশিষ্টজনরা ছাড়াও বহু সাধারণ নাগরিক তাতে অংশ নেবেন। শহরের বিভিন্ন নাচের স্কুলের ছাত্রছাত্রীরা রবীন্দ্র সঙ্গীতের তালে নৃত্য পরিবেশন করতে করতে যাবেন। তা পোড়ামাটির হাটে গিয়ে শেষ হবে। তারপরেই রঙের উৎসব শুরু হবে। একই সঙ্গে সাংস্কৃতিক মঞ্চে ১২টি দল নৃত্য পরিবেশন করবে। তারপরেই বহিরাগত শিল্পীদের অনুষ্ঠান হবে। গোটা পোড়ামাটির হাট কার্যত রঙিন হয়ে উঠবে। 
বিধায়ক বলেন, গুপ্ত বৃন্দাবন বলে পরিচিত বিষ্ণুপুরে বসন্ত উৎসবকে আলাদা একটা আঙ্গিক দেওয়ার চেষ্টা করা হয়েছে। সমাজের সমস্তস্তরের মানুষজন সেখানে অংশ নিতে পারেন। 
শহরের বাসিন্দা ধৃতিমান বন্দ্যোপাধ্যায় বলেন, আগে বিষ্ণুপুরে পাড়ায় পাড়ায় বিক্ষিপ্তভাবে হোলি উৎসব পালন করা হতো। গত কয়েকবছর ধরে বসন্ত উৎসবকে পোড়ামাটির হাটে একছাতার তলায় আনা হয়েছে। কয়েকদিন আগে থেকেই শহরের নাগরিকদের মধ্যে আলাদা উন্মাদনা তৈরি হয়। এবারও একইভাবে মানুষের মধ্যে উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ