Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সুপার স্পেশালিটি হাসপাতালের সড়ক বেহাল, দুর্ভোগ রোগীদের

সুপার স্পেশালিটি হাসপাতালের সড়ক বেহাল, দুর্ভোগ রোগীদের
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, সাঁইথিয়া:  সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল যাওয়ার রাস্তার একাংশ দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছেন রোগী থেকে শুরু করে অ্যাম্বুলেন্স চালকরাও। চিকিৎসা করাতে এসে স্ট্রেচার, হুইলচেয়ার থেকে পড়ে আঘাত পাচ্ছেন রোগীরা। অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ সব জানলেও চুপ হয়ে রয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
Advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি বীরভূম জেলাতেও তৈরি হয় সুপার স্পেশালিটি হাসপাতাল। সেই হাসপাতালে পুরনো বিল্ডিং থেকে সুপার স্পেশালিটি হাসপাতাল যাওয়ার জন্য একটি পিচের রাস্তা তৈরি করা হয়। যা কয়েক বছরের মধ্যে বেহাল হয়ে পড়েছে। বিশেষ করে সুপার স্পেশালিটি হাসপাতালে ঢোকার মুখে পিচের আস্তরণ উঠে গিয়ে পাথর বেরিয়ে পড়েছে। কোথাও কোথাও ড্রেনের স্ল্যাব ভেঙে গিয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা করাতে আসা রোগীরা। তাঁদের অভিযোগ, সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে পুরনো বিল্ডিং-এ এক্স-রে, ইউএসজি সহ বিভিন্ন পরীক্ষা করাতে গেলে তাঁদেরকে ওই ভাঙা রাস্তা দিয়ে রোগী নিয়ে যেতে হয়। ফলে অন্যত্র রোগী নিয়ে যাওয়ার সময় স্ট্রেচার বা হুইলচেয়ার থেকে পড়ে যাওয়ার ফলে আঘাতপ্রাপ্ত জায়গায় আবার আঘাত লাগছে। চিকিৎসা করাতে আসা এক রোগীর আত্মীয় সুখেন মাল বলেন, রোগীকে এক্স-রে বা সিটি স্ক্যান করাতে নিয়ে যেতে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমরা চাই দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জরুরি ও বহির্বিভাগের রোগীদের জন্য মূলত এই রাস্তাটি তৈরি করা হয়। রাস্তাটি যত দ্রুত সম্ভব মেরামত করা হবে। রোগীর আত্মীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাসপাতালের মূল প্রবেশদ্বার থেকে সুপার স্পেশালিটি হাসপাতাল পর্যন্ত এই রাস্তাটি বেশ কয়েক জায়গা খানাখন্দে ভরে গিয়েছে। বিশেষ করে বর্ষাকালে সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে ওই বেহাল অংশগুলিতে জল জমে থাকে, ফলে রাস্তার অধিকাংশ গর্ত বোঝা যায় না। তখন রোগীকে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং-এ নিয়ে যেতে খুব অসুবিধার মধ্যে পড়তে হয়। একটি র‍্যাম্পের ব্যবস্থা থাকলেও রক্ষণাবেক্ষণ ও দেখভালের অভাবে কুকুর ছাগল সহ রোগীর আত্মীয়দের বিভিন্ন পোশাক টাঙানো থাকে। ফলে রাস্তাটি সচরাচর কোনও রোগী ব্যবহার করেন না। এবিষয়ে বীরভূম স্বাস্থ্য জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আড়ি বলেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বহুবার জানানো হয়েছে। আশা করছি কাজ শুরু হবে।
সম্পর্কিত সংবাদ