Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সুপার স্পেশালিটি ব্লক চালু না হওয়ায় দুর্ভোগ রোগীদের

সুপার স্পেশালিটি ব্লক চালু না হওয়ায় দুর্ভোগ রোগীদের
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শিলিগুড়ি: জেনারেল সার্জারি ওয়ার্ডে মাত্র ন’টি বেড বরাদ্দ। তা দিয়ে চলছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের ইউরোলজি ইন্ডোর পরিষেবা। প্রতিদিনই রোগী বাড়ছে। কিন্তু সেই তুলনায় বেডের সংখ্যা খুবই কম। অস্ত্রোপচার, চিকিৎসার জন্য রোগী ভর্তি করা হলেও বেডের অভাবে ওয়ার্ডের মেঝেতে ফেলে রাখতে হচ্ছে। অস্ত্রপচারের রোগীর ক্ষেত্রে যা অনেক সময়ই ঝুঁকির। অথচ, দীর্ঘদিন ধরে বিশাল সুপার স্পেশালিটি ব্লক তৈরি হয়ে পড়ে রয়েছে। কয়েকটি বিভাগের ওপিডি চালু হলেও আজও ইন্ডোর পরিষেবা চালু হয়নি সেখানে। উন্নত পরিকাঠামো, পর্যাপ্ত বেড ও আলাদা ওটি, সবকিছু থাকলেও সেই পরিষেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ। অনেক আশা নিয়ে দূরদূরান্ত থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে কষ্টের মধ্যে চিকিৎসা করাতে হচ্ছে গরীব মানুষকে।
Advertisement
এতে হতাশ ইউরোলজি বিভাগের প্রধান ডাঃ বিশ্বজিৎ দত্ত। তিনি বলেন, বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ এখানে চিকিৎসা করাতে আসেন। অনেক রোগীর দ্রুত অস্ত্রপচারের প্রয়োজন থাকে। কিন্তু পর্যাপ্ত বেড  না থাকায় আমরা সবক্ষেত্রে সময় মতো প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা দিতে পারছি না। বেশি রোগীকে মাটিতে রেখে চিকিৎসা করানো যায় না। জেনারেল সার্জারি ওয়ার্ডে পুরুষদের জন্য দু’টি ও মহিলাদের জন্য তিনটি বেড বরাদ্দ ইউরোলজির জন্য। কিন্তু দূর-দূরান্ত থেকে আসা রোগীদের দ্রুত সুস্থ করার জন্য বাধ্য হয়ে মেঝেতে রেখে ভর্তি করতে হচ্ছে। এই ন’টি বেড খালি থাকে না। 
উত্তরবঙ্গের একমাত্র রেফারেল সেন্টার ৫৫ বছরের পুরোনো মেডিক্যাল কলেজ হাসপাতালের কেন এই দূরাবস্থা? হাসপাতাল সুপার ডাঃ সঞ্জয় মল্লিক বলেন, কিছু সমস্যার জন্য সুপার স্পেশালিটি ব্লকে ইন্ডোর পরিষোবা চালু করা যায়নি। তাহলেও এই সমস্যা কাটিয়ে ওঠা যেত। বেড বাড়ানোর জন্য আমরা অনেক আগে স্বাস্থ্যভবনে  প্রস্তাব পাঠিয়েছি। এখনও ৫৯৯টি বেড নিয়ে এত বড় হাসপাতাল চলছে। কিন্তু উত্তরবঙ্গের একমাত্র রেফারেল সেন্টার হওয়ায় এখানে রোগীর সংখ্যা অনেক বেশি। হাজারেরও বেশি রোগীকে ইন্ডোরে চিকিৎসা পরিষেবা দিতে হয় প্রতিদিন। সেকারণে বেড বাড়ানোর প্রস্তাব একাধিকবার দেওয়া হয়েছে। কিন্তু অনুমোদন আসেনি। বেডের সংখ্যা বাড়লে ইউরোলজি নয়, আরও অনেক বিভাগের সমস্যার সমাধান হবে।
সম্পর্কিত সংবাদ