Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সাপের সঙ্গে লড়াইয়ে মৃত্যু নেউলের, চাঞ্চল্য

সাপের সঙ্গে লড়াইয়ে মৃত্যু নেউলের, চাঞ্চল্য
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: গ্রাম বাংলায় ‘সাপ ও নেউলের’ লড়াইয়ের গল্প প্রায়ই শোনা যায়। বলা হয়, নেউল সাপের গলা কেটে বা মাথা চিবিয়ে তাকে মেরে ফেলে। বাস্তবে গ্রামবাংলায় এমন দৃশ্যের সাক্ষী অনেকেই হয়েছেন। প্রায়ই রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায় গলাকাটা সাপ। কিন্তু বুধবার ঘাটাল ব্লকের মমরাজপুর প্রাথমিক বিদ্যালয় চত্বরে বিপরীত দৃশ্য।  সাপে-নেউলের লড়াইয়ে সাপের কাছেই পরাজিত হয়ে প্রাণ গেল নেউলের। এই ঘটনায় কিছুটা বিস্মিত বনদপ্তরের আধিকারিকরাও। ঘাটাল সোশ্যাল ফরেস্ট্রির রেঞ্জার দেবাশিস বিশ্বাস বলেন, ‘সাপের বিষে নেউলের সাধারণত কোনও এফেক্ট হয় না। তাই নেউল মারা গিয়েছে এমন ঘটনা কখনও সামনে আসেনি। 
Advertisement
এদিন স্কুল খোলার পর পরই শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়ারা দেখেন ক্লাসরুমের ভেতরে চলছে সাপ ও নেউলের ভয়ঙ্কর লড়াই। ওই বিদ্যালয়ের শিক্ষক মানবেন্দ্র সামন্ত জানান, স্কুলের মেন ক্লাস রুমের মধ্যেই গোখরো সাপ আর বেজির এমন লড়াইয়ের দৃশ্য দেখে কেউই এগিয়ে যাওয়ার সাহস করেননি। সাপের ফণা তুলে ফোঁসফোঁস আওয়াজ আর নেউলের তীব্র গর্জনে ভয়াবহ পরিবেশ তৈরি হয়। স্কুল ভর্তি শিশু থাকায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে বনদপ্তরে খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন বনদপ্তরের ওয়াইল্ড লাইফ রিকভারি টিমের সদস্য মলয় ঘোষ। তবে ততক্ষণে নেউলটি নেতিয়ে পড়েছে।সাধারণত বলা হয়ে থাকে, নেউল সাপের বিষে মরে না। কারণ, নেউলের শরীরে থাকা গ্লাইকোপ্রোটিন নামের একটি উপাদান সাপের বিষকে নিষ্ক্রিয় করতে সক্ষম। সর্প বিশারদরা জানাচ্ছেন, তবে তা কেবলমাত্র সামান্য পরিমাণ বিষের ক্ষেত্রেই কার্যকর। এদিনের লড়াইয়ে সাপটি পুরো মাত্রায় বিষ ঢেলে দিয়েছিল নেউলের দেহে। সেজন্যই নেউলটি মারা গিয়েছে। বিজ্ঞান বলছে, নেউলের বেঁচে যাওয়ার অন্যতম কারণ তার শরীরের গড়ন ও দুরন্ত গতিবেগ। নেউল যখন রেগে যায়, তার লোম খাড়া হয়ে ওঠে। ওই লোম সাপের ছোবল থেকে তাকে বাঁচতে সাহায্য করে। সেই সঙ্গে নেউলের ক্ষিপ্রগতির কারণে সাপ বার বার ছোবল মারার চেষ্টা করলেও লক্ষ্যভ্রষ্ট হয়। এই কারণেই বেশিরভাগ সময়ই নেউল জয়ী হয়। ঘটনার পর প্রত্যক্ষদর্শী এবং এলাকার বাসিন্দাদের অনেকেই বলছেন, এমন ভয়াবহ দৃশ্য তাঁরা আগে কখনও দেখেননি। বনদপ্তরের কর্মকর্তারা জানান, এমন দৃশ্য বিরল। 
সম্পর্কিত সংবাদ