Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সুপারি গাছ বেয়ে ছাদে উঠে গৃহকর্ত্রীর গলার চেন ছিনতাই

সুপারি গাছ বেয়ে ছাদে উঠে গৃহকর্ত্রীর গলার চেন ছিনতাই
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তুফানগঞ্জ: সবেমাত্র ভোরের আলো ফুটেছে। ছাদ বাগানের পরিচর্যা করছিলেন গৃহকর্ত্রী অসীমা দাস। পিছনে ঘুরে তাকাতেই দেখেন, অপরিচিত এক যুবক তাঁর ছাদে দাঁড়িয়ে আছে। গৃহকর্ত্রী কিছু বুঝে ওঠার আগেই তাঁর মাথায় কাঠের বাটাম দিয়ে সজোরে আঘাত করে ওই যুবক। মহিলা নীচে পড়ে গেলে গলার সোনার চেন ছিনতাই করে পালিয়ে যায় যুবকটি। শুক্রবার ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ শহরের ৩নম্বর ওয়ার্ডের এক নম্বর মদনমোহন পাড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে তুফানগঞ্জ থানার পুলিস। এ ব্যাপারে অসীমা দাস বর্মন নামে ওই মহিলা থানার দ্বারস্থ হয়েছেন। তিনি বলেন, সকালে ছাদে জামকাপড় মেলার পর ফুলগাছে জল দিচ্ছিলাম। সে সময় পাশের বাড়ির সুপারি গাছ বেয়ে এক দুষ্কৃতী তিন তলার ছাদে উঠে আসে। আমার মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে। ১৩ গ্রাম ওজনের সোনার চেন ছিনতাই করে পালিয়ে যায়। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে আমাকে উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যান। থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। পুলিস অবিলম্বে দুষ্কৃতীকে খুঁজে বের করুক। 
Advertisement
এই ঘটনায় হতচকিত হয়ে পড়েছেন প্রতিবেশিরা। সারথি দাস, মুক্তি বণিকদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। তাঁরা বলেন, দিনের আলোয় শহরের বুকে ছাদে উঠে ছিনতাইয়ের ঘটনা আগে কখনও শুনিনি। তা ভেবেই ভয় হচ্ছে। শহরজুড়ে সিসিক্যামেরা লাগানো হয়েছে অথচ চুরি, ছিনতাই আটকানো যাচ্ছে না। পুলিসের কাছে নিরাপত্তা বাড়ানোর দাবি জানাচ্ছি। তুফানগঞ্জ মহকুমা নাগরিক মঞ্চের সম্পাদক কৃষ্ণচন্দ্র বর্মন বলেন, শহরের বুকে একের পর এক চুরির ঘটনা ঘটে চলেছে। সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? চুরি ছিনতাইয়ের ঘটনা ঠেকাতে পুলিস প্রশাসনের আরও কঠোর ভূমিকা পালনের দাবি জানাচ্ছি। তুফানগঞ্জ থানা জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
সম্পর্কিত সংবাদ