নয়াদিল্লি, ১১ মার্চ: ঘুরে ফিরে সেই ভারতীয় কুস্তি নিয়ামক সংস্থার দায়িত্ব গেল ব্রিজভূষণ শরণ সিংয়ের হাতেই। কারণ আজ, মঙ্গলবার কেন্দ্রীয় সরকার ভারতীয় কুস্তি নিয়ামক সংস্থার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। সঙ্গে এদিন থেকেই সংস্থার প্রধান সঞ্জয় সিংয়ের হাতেই পূর্ণ দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। আর এই সঞ্জয় সিং আদপে ব্রিজভূষণেরই লোক। এটা সকলেরই জানা। যার ফলে ভারতীয় কুস্তি নিয়ামক সংস্থার উপর ছড়ি ঘোরানো আবার শুরু করবেন যৌননিগ্রহে অভিযুক্ত ব্রিজভূষণ। এমনটাই মনে করছেন অনেকে। ব্রিজভূষণই ছিলেন ভারতীয় কুস্তি নিয়ামক সংস্থার প্রধান পদে। সেই সময়ে তিনি মহিলা কুস্তিগিরদের যৌন নিগ্রহ করতেন বলে দাবি করেন সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা। বজরং-সাক্ষীদের তীব্র আন্দোলনের জেরে চাপে পড়ে যায় কেন্দ্রীয় সরকার। একপ্রকার বাধ্য হয়েই কুস্তি সংস্থার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় ব্রিজভূষণকে। তারপরে নির্বাচন হলেও তাতে দায়িত্ব পান সেই ব্রিজভূষণ ঘনিষ্ঠ সঞ্জয় সিং। তাতে তীব্র আপত্তি দেখান ক্রীড়াবিদরা। ফের আন্দোলন শুরু হয়। সেই কারণে গত বছরের ২৪ ডিসেম্বর ভারতীয় কুস্তি নিয়ামক সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করে ক্রীড়ামন্ত্রক। যদিও এদিন সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ক্রীড়ামন্ত্রক। তার পিছনে যুক্তি হিসেবে মন্ত্রক জানিয়েছে, ভারতীয় ক্রীড়া জগতের কথা ভেবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল।



