নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার মধ্য কলকাতার এক অভিজাত হোটেলে চাঁদের হাট। কে নেই? ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সৌরভ গাঙ্গুলি, ঝুলন গোস্বামী, শ্যাম থাপা এবং আরও অনেকে। ছিলেন ইস্ট বেঙ্গলের সভাপতি, সচিব, শীর্ষকর্তারাও। এদিন নতুনভাবে পথ চলা শুরু হল স্কুল অব এক্সেলেন্সের। আপাতত ফুটবল ও ক্রিকেটের মধ্যে দিয়ে বিভিন্ন রাজ্য ও জেলায় খেলোয়াড় তুলে আনার কাজ চলবে। বিভিন্ন স্কুল ও কলেজের সঙ্গে গাঁটছড়া বাঁধার কাজ প্রায় সম্পন্ন।
অনুষ্ঠানে হাজির হয়ে ঘরোয়া লিগকে ময়দানে ফেরানোর আর্জি জানালেন ক্রীড়ামন্ত্রী। তিনি বলেন, ‘জেলার ফুটবলের উন্নতির স্বার্থে আমরা ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছি। তবে কলকাতা লিগের উন্মাদনা ফেরাতে সব ম্যাচ ঘেরা মাঠে ফেরাতে হবে।’ উল্লেখ্য, এদিন ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষ থেকে সৌরভ ও ঝুলনকে আজীবন সদস্য পদ দেওয়া হয়। এদিকে, ১৯ জুলাই কলকাতা লিগের ডার্বি বারাসত স্টেডিয়ামে হওয়ার কথা। কিন্তু তার আগে স্টেডিয়ামের কাজ শেষ হওয়া মুশকিল। তাই বড় ম্যাচ হওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।