Bartaman Logo
১ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

মেসিকাণ্ডের ফাইল চাইলেন ক্রীড়ামন্ত্রী

১৩ ডিসেম্বর ২০২৫। কলকাতায় মেসি শো ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় যুবভারতীতে।

মেসিকাণ্ডের ফাইল চাইলেন ক্রীড়ামন্ত্রী
  • ১৩ মে, ২০২৬ ০৯:১৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৩ ডিসেম্বর ২০২৫। কলকাতায় মেসি শো ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় যুবভারতীতে। বিশৃঙ্খলার মাঝেই স্টেডিয়াম ছাড়েন আর্জেন্তাইন ফুটবলের জাদুকর। আয়োজকদের উপর তীব্র ক্ষোভ উগরে দেন দর্শকরা। মোটা অংকের গ্যাঁটের কড়ি খরচ করে টিকিট কেটেছিলেন অনেকেই। কিন্তু থিকথিকে ভিড়ে ঢাকা পড়ে যান সেনি, সুয়ারেজ ও ডি’পল। মুহূর্তে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় যুবভারতীতে। গোটা দুনিয়ার কাছে মুখ পোড়ে ফুটবলের মক্কার। প্রবল চাপের মুখে দায়িত্ব ছাড়তে বাধ্য হন তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এরপর হাওড়া ব্রিজের নীচ দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। বাংলায় সরকার বদলের পর ক্রীড়ামন্ত্রীর চেয়ারে এখন নিশীথ প্রামাণিক। দায়িত্ব নিয়েই মেসিকান্ডের যাবতীয় ফাইল চেয়ে পাঠালেন ক্রীড়ামন্ত্রী। এদিন সাংবাদিক বৈঠকে তাঁর মন্তব্য, ‘কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। সব ফাইল চেয়ে পাঠিয়েছি। যা হয়েছে, তার নিন্দা করার ভাষা নেই। প্রয়োজনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও এ বিষয়ে কথা বলব।’

Advertisement

সবে দায়িত্ব নিয়েছেন নিশীথ। এবার বাংলার ক্রীড়া পরিকাঠামোকে ঢেলে সাজাতে চান তিনি। ‘খেলো ইন্ডিয়া’ প্রজেক্টের সুযোগ সুবিধা থেকে যাতে কেউ বঞ্চিত না হন সেদিকে নজর দেওয়াই প্রাথমিক লক্ষ্য। জেলা থেকে প্রতিভা অন্বেষণের ক্ষেত্রেও উদ্যোগ নেওয়া হবে। এরপর বাংলায় জাতীয় গেমসও সফলভাবে আয়োজন করতে চান ক্রীড়ামন্ত্রী। পাশাপাশি ময়দানকে রাজনীতি ও স্বজনপোষনমুক্ত করতে মরিয়া তিনি। এদিন তাঁর স্পষ্ট মন্তব্য, ‘ক্রীড়াক্ষেত্রে কোনোরকম রাজনীতি বরদাস্ত করা হবে না।’

Advertisement
সম্পর্কিত সংবাদ