গ্রীষ্মের দহনদিনে টক খাবার শরীর ঠান্ডা রাখে। তবে আজ যে পদগুলোর কথা বলব তা পুষ্টিকর তো বটেই, খেতেও দারুণ।
গ্রীষ্মের দহনদিনে টক খাবার শরীর ঠান্ডা রাখে। তবে আজ যে পদগুলোর কথা বলব তা পুষ্টিকর তো বটেই, খেতেও দারুণ।
লেমন বাটার প্রন
উপকরণ: মাঝারি সাইজের চিংড়ি ৪০০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন কুচি ২ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ, প্যাপরিকা পাউডার চা চামচ, লেমন জেস্ট চা চামচ, লেবুর রস ৩ বা ৪ টেবিল চামচ, অয়েস্টার স্যস ২ চা চামচ, নুন ও চিনি স্বাদমতো, মাখন ২৫ গ্রাম, সাদা তেল ২ টেবিল চামচ, লেবুর পাতা ৫টি, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ।
প্রণালী: চিংড়ি মাছের মাথা, লেজ, খোসা ও পিঠের ময়লা ফেলে তা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। মাছে গোলমরিচ গুঁড়ো, নুন, প্যাপরিকা পাউডার, লেমন জেস্ট ও এক চামচ লেবুর রস মাখিয়ে আধঘণ্টা ম্যারিনেট করে রেখে দিন। কড়াইতে সাদা তেল গরম করে তাতে মাখন যোগ করুন। মাখন গলে গেলে রসুন কুচি দিয়ে মৃদু আঁচে নাড়াচাড়া করে ভাজুন। রসুন ভাজার গন্ধ বেরলে পেঁয়াজ কুচি যোগ করে ভাজুন। পেঁয়াজ নরম হলে অয়েস্টার স্যস যোগ করুন। মিনিট দুয়েক রান্নার পরে ম্যারিনেট করা চিংড়ি মাছ মিশিয়ে দিন। নাড়াচাড়া করে মিনিট পাঁচেক রান্না করুন। স্বাদমতো নুন মিষ্টি লেবুর রস ও ঝিরিঝিরি করে কাটা লেবুর পাতা যোগ করে নামিয়ে নিন।
গ্রিলড ফিশ ইন লেমন কার্ড
উপকরণ: ছোট সাইজের ভেটকি মাছ ৫টি।
মাছ ম্যারিনেশনের উপকরণ: পেঁয়াজ বাটা কাপ, রসুন বাটা ৩ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, কাঁচালঙ্কা বাটা ১ টেবিল চামচ, লেবুর রস ৪ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো চা চামচ, মাখন প্রয়োজন মতো।
লেমন কার্ড-এর উপকরণ: লেবু ৩টি, ডিম ৩টি, মাখন ৪০ গ্রাম, চিনি ২ টেবিল চামচ, নুন স্বাদমতো, ফ্রেশ ক্রিম ৩ টেবিল চামচ, গোলমরিচ চা চামচ, লেবুর পাতা ৪ বা ৫টি।
প্রণালী: মাছের আঁশ ছাড়িয়ে পেটের ময়লা বের করে তা ধুয়ে পরিষ্কার করে নিন। মাছের গায়ে ছুড়ি দিয়ে চিরে দাগ করে দিন। মাছে ম্যারিনেশনের সমস্ত উপকরণ ভালো করে মাছে মাখিয়ে তা ফ্রিজে দু’ঘণ্টা ম্যারিনেট করুন। গ্রিল প্যানে বাটার ব্রাশ করে তাতে মাছগুলো এপিঠ ওপিঠ করে ঘুরিয়ে গ্রিল করে নিন। লেমন কার্ডের জন্য লেবুর ওপরের অংশ গ্রেট করে জেস্ট বের করে নিন ও তিনটি লেবুর রস বের করে নিন। কড়াতে মাখন ও চিনি মৃদু আঁচে সমানে নাড়াচাড়া করে গলতে দিন। চিনি গলে গেলে তিনটি ডিম ফেটিয়ে যোগ করুন ও সমানে নাড়তে থাকুন লেবুর রস যোগ করে মৃদু আঁচে সমানে নাড়তে থাকুন। ঘন হতে শুরু করলে লেবুর জেস্ট গোলমরিচ ও লেবু পাতা মিশিয়ে নামিয়ে নিন। কিছুটা ঠান্ডা হলে ফ্রেশ ক্রিম যোগ করুন এই কার্ড গ্রিল করা মাছের উপরে সমানভাবে ছড়িয়ে পরিবেশন করুন।
গন্ধরাজ পোলাও
উপকরণ: বাসমতী চাল ২ কাপ, গন্ধরাজ লেবু মাঝারি সাইজের ১টি, গন্ধরাজ লেবুর পাতা ৫টি, কাজুবাদাম
২ টেবিল চামচ, কিশমিশ ২ টেবিল চামচ, ছোট এলাচ ২টি, দারচিনি ১ ইঞ্চি কাঠি, ঘি ২ চা চামচ, নুন-মিষ্টি স্বাদ মতো।
প্রণালী: ৩-৪ বার করে জল বদলে চাল ধুয়ে নিন। ছাঁকনিতে চাল ঢেলে শুকিয়ে নিন। গন্ধরাজ লেবুর জেস্ট গ্রেট করে বের করে নিন। লেবুর রস বের করে নিন। লেবু পাতা ঝিরিঝিরি করে কেটে নিন। কড়াই মাঝারি আঁচে বসিয়ে ঘি গলিয়ে নিন। এতে ছোট এলাচ ও দারচিনি ফোড়ন দিন। ফোড়নের ওপরে কাজু ও কিশমিশ মৃদু আঁচে ভেজে নিন। চাল
যোগ করে নাড়াচাড়া করুন। চালে লেবুর জেস্ট মিশিয়ে মৃদু আঁচে চালটা ভেজে নিন। স্বাদমতো নুন চিনি মিশিয়ে দিন। চার কাপ গরম জল যোগ করে কড়াই ঢাকা দিন। মিনিট পাঁচেক পরে চাল আলতো করে নেড়ে আবারও ঢাকা দিয়ে দিন। জল টেনে গেলে ও চাল সেদ্ধ হলে, পোলাও আঁচ থেকে নামিয়ে নিন। দু-তিন মিনিট পরে আঁচ থেকে নামানো অবস্থায় ঢাকা সরিয়ে লেবুর রস ও পাতা যোগ করে আবার ঢাকা দিয়ে দিন। মিনিট দশেক পরে পরিবেশন করুন।
গন্ধরাজ চিকেন ফ্রাই
উপকরণ: বোনলেস চিকেন ব্রেস্ট ১ কিলো, গন্ধরাজ লেবু মাঝারি সাইজের ২টি, গন্ধরাজ লেবুর পাতা ১০টি, পেঁয়াজ বাটা ১ কাপ, আদা-রসুন বাটা ২ টেবিল চামচ, কাঁচালঙ্কা বাটা ২ টেবিল চামচ, ভিনিগার ২ চা চামচ, নুন স্বাদমতো, চাট মশলা গুঁড়ো ১ চা চামচ, গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ, চিলি ফ্লেক্স ১ চা চামচ, ডিম ২টি, ময়দা ২ কাপ, কর্নফ্লাওয়ার ১ কাপ, বেসন ২ চা চামচ, অ্যারারুট ২ চা চামচ, বিটনুন ১ চা চামচ, ভাজার জন্য সাদা তেল প্রয়োজন মতো।
প্রণালী: চিকেন লম্বা করে ফিঙ্গারের আকারে কেটে নিন। চিকেনে স্বাদমতো নুন ও ভিনিগার যোগ করুন। এবার দু’কাপ জল চিকেনে দিয়ে দু’ঘণ্টা ম্যারিনেট করুন। জল থেকে চিকেন চেপে তুলে নিন। গ্রেট করে লেবুর জেস্ট বের করে নিন। লম্বালম্বি করে লেবুর খোসা মোটা করে কেটে নিন। লেবু পাতাটাকে ঝিরিঝিরি করে কেটে নিন। চিকেনে লেবুর রস, পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, কাঁচালঙ্কা বাটা, গোলমরিচ গুঁড়ো, বিটনুন, চাট মশলা, লেবুর পাতা, লেবুর জেস্ট, লেবুর খোসা ও ডিম মাখিয়ে এক ঘণ্টা ম্যারিনেট করুন। এরপর কর্নফ্লাওয়ার, ময়দা, অ্যারারুট ও বেসন চিকেনে যোগ করুন। কড়াইতে সাদা তেল গরম করুন। চিকেন ফিঙ্গারগুলো তেলে প্রথমে হালকা রং ধরিয়ে ভেজে নিন। এরপর মুচমুচে করতে ওই ভাজা চিকেন আবার সোনালি রং ধরিয়ে তেলে ভেজে তুলে নিন। চিলি ফ্লেক্স ছড়িয়ে পরিবেশন করুন।
লেমন বাটার সুইট কর্ন
উপকরণ: সুইট কর্ন ১ কাপ, মাখন ২ চা চামচ, লেবুর রস ২ চা চামচ, পেঁয়াজ কুচি কাপ, ধনেপাতা কুচি কাপ, গোলমরিচ গুঁড়ো চা চামচ, সাদা তেল সামান্য, নুন স্বাদ মতো।
প্রণালী: এক কাপ জলে নুন, এক চা চামচ লেবুর রস যোগ করে সুইট কর্ন ভাপিয়ে নিন। কড়ায় সাদা তেলের সঙ্গে এক চা চামচ মাখন যোগ করে গরম করুন। তাতে পেঁয়াজ নরম করে ভেজে নিন। সুইট কর্ন যোগ করে নাড়াচাড়া করে মাঝারি আঁচে মিনিট দুয়েক রান্না করুন, ঢাকা দিয়ে। ঢাকা সরিয়ে লেবুর রস, গোলমরিচ যোগ করুন। আঁচ থেকে নামিয়ে নিন। মাখন ও বাকি লেবুর রস যোগ করে পরিবেশন করুন।
শ্রাবণী রায়