Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মোদির সভার আগে প্যারেড গ্রাউন্ড নিয়ন্ত্রণে নিল এসপিজি

মোদির সভার আগে প্যারেড গ্রাউন্ড নিয়ন্ত্রণে নিল এসপিজি
  • ২৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: বৃষ্টির ভ্রূকুটি। ফলে ২৯ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভার দিন তারিখ যত এগিয়ে আসছে ততই উদ্বেগের পারদ চড়ছে গেরুয়া শিবিরে। প্রধানমন্ত্রীর সভার জন্য নিরাপত্তা ব্যবস্থাও ‌আঁটসাঁট হচ্ছে। সোমবার প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) লোকজন প্যারেড গ্রাউন্ডের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। যদিও বিজেপি নেতৃত্বের দাবি, প্রধানমন্ত্রীর সভার জন্য বৃষ্টি কোনও বাধা হবে না। 

Advertisement

সোমবার প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকা এসপিজির লোকজন জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে। জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যায় বৈঠকটি হয়। বৈঠকে জেলাশাসক আর বিমলা, পুলিস সুপার ওয়াই রঘুবংশী, এমপি মনোজ টিগ্গা, বিজেপির জেলা সভাপতি মিঠু দাস ও জেলার সমস্ত লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা উপস্থিত ছিলেন। 
প্রশাসন সূত্রে খবর, প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী যে মাঠে সভা করবেন এদিন বৈঠকের পর এসপিজি শহরের সেই প্যারেড গ্রাউন্ডের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এসপিজির সঙ্গে মাঠ পরিদর্শন করেন ডিএম, এসপি। 
এদিন বিকেলেই প্রধানমন্ত্রীর জনসভা নিয়ে হাসিমারা এয়ারফোর্সের সঙ্গেও বৈঠক হয় এমপি মনোজ টিগ্গা ও জেলা প্রশাসনের। তবে বৃষ্টির জন্য ভ্রূকুটি উদ্বেগে রেখেছে গেরুয়া শিবিরকে। যদিও এমপি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার জন্য বৃষ্টি কোনও বাধা হবে না। প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে মানুষ মুখিয়ে আছে। বৃষ্টি হলেও প্রধানমন্ত্রীর জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে। 
এদিকে, প্রধানমন্ত্রীর জনসভায় আসার জন্য বিজেপি সাধারণ মানুষের কাছে আমন্ত্রণপত্র বিলি করছে। বাড়ি বাড়ি গিয়ে বিজেপির দলীয় কর্মী সমর্থকরা এই আমন্ত্রণ জানাচ্ছেন। সাধারণ মানুষের সঙ্গে জেলার বিশিষ্ট নাগরিকদেরও প্রধানমন্ত্রীর সভায় আসার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। কবি, সাহিত্যিক, লেখক, কৃতী খেলায়াড়, সমাজসেবী ও চিকিৎসক যেমন এই তালিকায় আছেন, তেমনই বণিক মহলও রয়েছে। এমপি বলেন, প্রধানমন্ত্রীর জনসভায় উত্তরবঙ্গের পদ্মশ্রী প্রাপকদেরও আমন্ত্রণ জানানো হতে পারে। সভার আগে প্রধানমন্ত্রী একগুচ্ছ প্রকল্পেরও শিলান্যাস করবেন। তবে কোন কোন প্রকল্পের শিলান্যাস করবেন তা অবশ্য এখনও জানা যায়নি। 
সিকিম কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের অধিকর্তা গোপীনাথ রাহা জানিয়েছেন, উত্তরবঙ্গে বর্ষা আসন্ন। তাই আগামী ২৮, ২৯, ৩০ মে আলিপুরদুয়ার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বভাস রয়েছে। জেলার কোথাও ভারী বৃষ্টিপাতও হতে পারে।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ