Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সিপিএম দলনেতাকে মারধরে কেউ গ্রেপ্তার হয়নি, বিক্ষোভ

সিপিএম দলনেতাকে মারধরে কেউ গ্রেপ্তার হয়নি, বিক্ষোভ
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: নলহাটি-১ ব্লকে কলিঠা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতাকে মারধরের ঘটনার চারদিন পেরিয়ে গেলেও অভিযুক্তদের গ্রেপ্তার করেনি পুলিস। তার প্রতিবাদে শনিবার নলহাটি থানার সামনে বিক্ষোভ দেখাল সিপিএম। পরে বিক্ষোভকারীদের এক প্রতিনিধি দল ওসির হাতে একটি স্মারকলিপি জমা দেয়। শুক্রবার রাতেই থানার ওসি হিসাবে যোগ দিয়েছেন মহম্মদ আলি। তিনি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়।
Advertisement
উল্লেখ্য, আবাস যোজনায় কলিঠা গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যাপক বেনিয়ম হয়েছে। এই দাবি করে বিডিওর কাছে লিখিত অভিযোগ করেন পঞ্চায়েতের বিরোধী দলনেতা মহম্মদ মইম শেখ। তার ভিত্তিতে গত মঙ্গলবার ব্লক অফিসে পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক ডাকেন বিডিও। অভিযোগ, বৈঠক চলাকালীন বিরোধী দলনেতাকে বেধড়ক মারধরের পাশাপাশি তাঁর জামা ছিঁড়ে দেন উপপ্রধান সেলিম শেখ ও তাঁর দলবল। ওই ঘটনায় উপপ্রধান সহ কয়েকজনের নামে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। পরের দিন ‘সরাসরি মুখ্যমন্ত্রী’তে ফোন করেও অভিযোগ জানান ওই সিপিএম নেতা। ঘটনার চারদিন পেরিয়ে গেলেও অভিযুক্তদের পুলিস গ্রেপ্তার করেনি। তার প্রতিবাদে এদিন থানায় বিক্ষোভ দেখান সিপিএমের নেতা কর্মীরা। সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সঞ্জীব বর্মণ ও এরিয়া কমিটির সম্পাদক প্রশান্ত লেট বলেন, বিডিও অফিসের ভিতরে জনপ্রতিনিধিকে মারধরের ঘটনার তীব্র নিন্দা করছি। একইসঙ্গে সিসি ক্যামেরার ফুটেজ জনসমক্ষে আনার পাশাপাশি হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। পুলিস ব্যবস্থা না নিলে আবাস যোজনায় বঞ্চিতদের নিয়ে বড়সড় আন্দোলনে নামব।
সম্পর্কিত সংবাদ