গতি ১০০ কিমি! বাইপাসে বাইক রেসে মৃত যুগল
  • ১০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কালীপুজোর রাতে যানবাহন কম। ফাঁকা ই এম বাইপাস। তার জেরে পুলিশের নজরও ছিল কিছুটা কম। সেই সুযোগে মধ্যরাতে বাইক রেসিংয়ে নামল তরুণ-তরুণীরা। বেঙ্গল কেমিকেল থেকে বেলেঘাটা বিল্ডিং মোড় পর্যন্ত চলল বাইকের গতির দাপট। গতির বলি এক যুগল। মণি স্কোয়ার শপিং মলের উলটোদিকের ফ্ল্যাঙ্কে দাঁড়িয়ে থাকা একটি 

Advertisement

অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে রাস্তায় ছিটকে পড়েন দু’জন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম সাগর দাস (২৮) ও পিঙ্কি বিশ্বাস (২৮)। দু’জনের কারও মাথায় হেলমেট ছিল না। বাইকটিকে বাজেয়াপ্ত করেছে ফুলবাগান থানার পুলিশ। 
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কালীপুজোয় রাত ১১টার পর ই এম বাইপাসে বাইকের দৌরাত্ম্য শুরু হয়। প্রতিবারই এই এলাকায় পুলিশি নজরদারি থাকে। ফুলবাগান থানার তরফে বেঙ্গল কেমিকেল মেট্রো স্টেশনের নীচে বাইপাসের উপরে নাকা চেকিংয়ের ব্যবস্থা থাকে। কিন্তু, এবার সেসব উধাও। সেই সুযোগে বাইকচালকদের পোয়াবারো। স্থানীয়দের অভিযোগ, রাত ৩টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। চারটি বাইক পরপর হু-হু করে ছুটছিল। বেঙ্গল কেমিকেল থেকে কাদাপাড়ার দিকে যাচ্ছিল বাইকগুলি। আচমকা একটি বাইক নিয়ন্ত্রণ হারায়। বাইপাসের ধারে দাঁড়িয়ে থাকা একটি অ্যাপ ক্যাবে ধাক্কা মারে বাইকটি। গতি এতটাই বেশি ছিল যে, ঘটনাস্থল থেকে প্রায় ৭০-৮০ ফুট দূরে ছিটে যায় বাইকটি। ওই অ্যাপ ক্যাবের নীচে ঢুকে যায় তরুণ ও তরুণী। 
স্থানীয় সূত্রে দুর্ঘটনার খবর পায় বিধাননগর দক্ষিণ থানা। ঘটনাস্থলে আগে পৌঁছায় তারা। কিন্তু, দেখা যায়, দুর্ঘটনাস্থলটি কলকাতা পুলিশের আওতাভুক্ত। এরপর অকুস্থলে আসে ফুলবাগান থানার পুলিশ। ততক্ষণ রাস্তাতেই পড়েছিল যুগলের নিথর দেহ। তাঁদের উদ্ধার করে এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই দু’জনকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে তাঁদের চিহ্নিত করতে সমস্যায় পড়ে পুলিশ। তরুণ-তরুণীর কাছে কোনো পরিচয়পত্র মেলেনি। বাইকের নম্বরের সূত্র ধরে মৃত যুবকের পরিচয় জানতে পারে পুলিশ। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। তাঁরা জেনেছেন, মৃত যুগল দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে ছিলেন। সোমবার তাঁদের মরদেহের ময়নাতদন্ত করা হয়। এরপর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। 
দুর্ঘটনার কবলে পড়া বাইকটিকে যাচাই করে দেখেছেন ফুলবাগান থানার তদন্তকারীরা। অকুস্থল ও যেখান থেকে বাইকটি উদ্ধার হয়েছে, তার দূরত্ব অনেকটা। তা থেকেই পুলিশের অনুমান, দুর্ঘটনার আগের মুহূর্তে বাইকটির গতি ঘণ্টায় প্রায় ১০০ কিমির কাছাকাছি ছিল। তবে কী কারণে বাইকটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের দাবি, বাইপাসের এই অংশে আগেও একাধিকবার বাইক রেস নিয়ে অভিযোগ উঠেছিল। ফের কালীপুজোর রাতে চলল ট্রাফিক বিধি ভাঙার খেলা।