হার্দিককে নিয়ে বাড়ছে জল্পনা
  • ৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: আগামী আইপিএলে হার্দিক পান্ডিয়াকে কি মুম্বই ইন্ডিয়ান্সে খেলতে দেখা যাবে? নাকি ঠিকনা বদল করবেন তিনি। এই নিয়ে ক্রিকেটমহলে জল্পনা তুঙ্গে। তারই মধ্যে মুখ খুললেন মুম্বই ইন্ডিয়ান্সের এক কর্তা। তাঁর কথায়, ‘গত মরশুমের পর্যালোচনা চলছে এখনও। আমরা দেখেছি, হার্দিককে নিয়ে বিভিন্ন খবর বেরোচ্ছে। তবে একটা জিনিস পরিষ্কার করে দিতে চাই, কোনো ক্রিকেটারকে বিক্রি করার ব্যাপারে এখনও পর্যন্ত কোনোরকম আলোচনা হয়নি। পর্যালোচনার পর এই সব ব্যাপারে ভাবা হবে। আমাদের হাতে অনেক সময় আছে। সবকিছু খাতিয়ে গৃহীত হবে সিদ্ধান্ত।’ অর্থাত্ তারকা অলরাউন্ডারের মুম্বই ছাড়া নিয়ে জল্পনা থেকেই গেল।

Advertisement

এরই মধ্যে রবিবার বান্ধবীকে নিয়ে তিরুমালার শ্রী বেঙ্কটেশ্বরা স্বামী মন্দিরে পুজো দিলেন হার্দিক। শুধু তাই নয়, সাধের চুল কামিয়ে ফেলেছেন তিনি। ন্যাড়া হয়েই মন্দিরে গিয়েছিলেন ভারতীয় তারকা। উল্লেখ্য, হার্দিককে হামেশাই বিভিন্ন হেয়ারস্টাইলে দেখা যায়। তাঁকে নতুন রূপে দেখে অনুরাগীরাও অবাক। আসলে সম্প্রতি সময়টা ভালো যাচ্ছে না হার্দিকের। ক্যাপ্টেন হিসেবে মুম্বই ইন্ডিয়ান্সে চূড়ান্ত ব্যর্থ। এছাড়া চোটের জন্য ইংল্যান্ড সফরেও যেতে পারেননি। আপাতত মাঠে ফেরার প্রস্তুতিতে ঘাম ঝরাচ্ছেন হার্দিক।