Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কালীগঞ্জের উপনির্বাচন নিয়ে জল্পনা, বাড়ল বুথ

কালীগঞ্জের উপনির্বাচন নিয়ে জল্পনা, বাড়ল বুথ
  • ৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচন নিয়ে জল্পনা বাড়ছে। মঙ্গলবার সেই বিধানসভার ভোটার সংশোধনীর কাজ শুরু করা নিয়ে জেলাশাসক এস অরুণ প্রসাদ সাংবাদিক সম্মেলন করেন। জানা গিয়েছে, উপনির্বাচনকে সামনে রেখে কালীগঞ্জ বিধানসভায় গত ১-৩ এপ্রিল ইভিএম ও ভিভি প্যাড চেকিংয়ের কাজ করা হয়। পাশাপাশি, সেই বিধানসভায় অতিরিক্ত ৪৮টি বুথ তৈরি করা হয়েছে। যার ফলে, বর্তমানে কালীগঞ্জ বিধানসভায় বুথের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৯টি। ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত এই বিধানসভায় বুথের সংখ্যা ছিল ২৬১টি।

Advertisement

জেলাশাসক বলেন, কালীগঞ্জ বিধানসভায় ভোটার সংশোধনীর কাজ শুরু হচ্ছে। ৮-২৪ এপ্রিল পর্যন্ত সেই কাজ চলবে। ১২, ১৩, ১৯ ও ২০ এপ্রিল তারিখের ছুটির দিনগুলিকে স্পেশাল ক্যাম্পেইন দিন হিসেবে চিহ্নিত করা হয়েছে। মে মাসের ৫ তারিখ ভোটার তালিকা প্রকাশ করা হবে। 
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কালীগঞ্জ বিধানসভার বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ। তারপর থেকেই জেলাজুড়ে উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক পারদ চড়ছে। প্রশাসনের আধিকারিকদের দাবি, উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশনের এই তৎপরতা আগে সেভাবে দেখা যায়নি। যদিও শেষ পর্যন্ত উপনির্বাচন হবে কি না, তা চূড়ান্ত করে বলতে পারছেন না আধিকারিকরা। বর্তমানে কালীগঞ্জ বিধানসভায় ভোটারের সংখ্যা ২ লক্ষ ৫৪ হাজার ৮৩৮জন।‌ যার মধ্যে মহিলা ভোটার রয়েছেন ১ লক্ষ ২৩ হাজার ২৭১জন। আর পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ ৩১ হাজার ৬০৩জন।‌

Advertisement
সম্পর্কিত সংবাদ