সংবাদদাতা, বনগাঁ: ডিসেম্বরেই দেশে ফিরতে পারেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার পেট্রাপোল সীমান্তে এক অনুষ্ঠানে এসে এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। তাঁর এই মন্তব্যকে ঘিরে নানা গুঞ্জন ছড়িয়েছে। পেট্রাপোল সীমান্ত দিয়ে হাসিনার দেশে ফেরার জল্পনাকে কেন্দ্র করে যশোরের বেনাপোল সহ গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় রবিবার বিকাল থেকে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জানা গিয়েছে, রবিবার রাত থেকে যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র ৪৯ নম্বর ব্যাটালিয়নের বাড়তি নজরদারি লক্ষ্য করা যাচ্ছে। বিশাল বিশাল সার্চ লাইট জ্বালিয়ে সীমান্তে নজরদারি চালাচ্ছে বিজিবি। বসানো হয়েছে বাড়তি সিসি ক্যামেরা। আওয়ামি লিগের কোনো নেতা-কর্মী যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ থেকে ভারতে বা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, তারজন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে বিজিবি। যশোরের পাশাপাশি খুলনা সীমান্তেও বিজিবি’র ২১ নম্বর ব্যাটালিয়ন নজরদারি বাড়িয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, বিজিবি বাহিনীকে বেনাপোল সহ আশেপাশের সীমান্ত এলাকায় টহল দিতে দেখা যাচ্ছে।
২০২৪ সালের ৫ আগষ্ট ছাত্র আন্দোলন এবং সরকার বিরোধী আন্দোলনের মুখে পড়ে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন হাসিনা। ভারতে এসে আশ্রয় নেন তিনি। সম্প্রতি ভারতে বসে দেশে ফেরার কথা ঘোষণা করেন মুজিব কন্যা। এরই মধ্যে রবিবার পেট্রাপোল সীমান্তে এক অনুষ্ঠানে এসে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার দাবি করেন, ডিসেম্বরে পেট্রাপোল সীমান্ত দিয়ে শেখ হাসিনা দেশে ফিরতে পারেন। এরপরই বাংলাদেশ সীমান্ত নিরাপত্তায় কড়া নজরদারি শুরু করেছে বিজিবি। ত্রিপুরার লাগোয়া বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি’র তৎপরতা বেড়েছে বলে খবর।



