Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ইস্ট বেঙ্গলে কোচ অস্কারের ভবিষ্যৎ নিয়ে জল্পনা চরমে

৩১ মে ফুটবল মরশুম শেষ। কিন্তু ইস্ট বেঙ্গলে অস্কার ব্রুজোঁর ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা রয়েই গেল।

ইস্ট বেঙ্গলে কোচ অস্কারের ভবিষ্যৎ নিয়ে জল্পনা চরমে
  • ২৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৩১ মে ফুটবল মরশুম শেষ। কিন্তু ইস্ট বেঙ্গলে অস্কার ব্রুজোঁর ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা রয়েই গেল। বাইপাসের ধারে লগ্নিকারী সংস্থার অফিসে বৃহস্পতিবার বোর্ড মিটিংয়ে বসেছিলেন কর্তারা। তবে স্প্যানিশ কোচকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সূত্রের খবর, আগামী সপ্তাহে ফের একদফা বৈঠক সারবে লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট। কিন্তু আগামী বছর অস্কারকে কি ডাগ-আউটে দেখা যাবে? এই প্রসঙ্গে ইমামি কর্ণধার আদিত্য আগরওয়ালের মন্তব্য, ‘অনেকের কথাই মাথায় রয়েছে। তবে এটুকু বলতে পারি, দল শক্তিশালী হবে। ভুললে চলবে না ক্লাবের নাম ইস্ট বেঙ্গল।’ এরপরেই জল্পনা চরমে পৌঁছায়। আসলে কলকাতা ছাড়ার আগে টিম ম্যানেজমেন্টকে নিজের শর্ত জানিয়েছেন অস্কার। তা মানার উপরেই সবকিছু নির্ভর করবে। অস্কারের পরামর্শেই ব্রাজিলিয়ান মিগুয়েলকে সই করিয়েছিল লাল-হলুদ ব্রিগেড। তাই অনেকেরই ধারণা, কোচ না থাকলে মিগুয়েলকে রাখাও কঠিন হতে পারে। তবে কেভিন, মিগুয়েলদের যে কোনও মূল্যে ধরে রাখতে চায় ম্যানেজমেন্ট। একইসঙ্গে মহম্মদ রাকিপের চোট নিয়ে চিন্তা বাড়ছে। মরশুমের শুরুতে তাঁকে পাওয়া অনিশ্চিত। ফলে সাইড ব্যাক পজিশনেও নতুন ফুটবলার চায় থিঙ্কট্যাঙ্ক।

Advertisement

বিকেল সাড়ে পাঁচটায় লগ্নিকারী সংস্থার অফিসে পৌঁছান লাল-হলুদ কর্তারা। আড়াই ঘণ্টার ম্যারাথন মিটিংয়ের পর উভয়পক্ষের বডি ল্যাঙ্গুয়েজ ছিল ইতিবাচক। এমনকি, সমর্থকদের জন্য বার্তাও দেন ইমামি কর্ণধার। আদিত্য আগরওয়ালের মন্তব্য, ‘অনেক কিছু নিয়েই আলোচনা হয়েছে। পাশাপাশি সারা বছর  সমর্থকরা পাশে থেকেছেন। তাঁদের ধন্যবাদ জানাতে চাই। ভবিষ্যতেও নিশ্চয়ই দলের পাশে এমনিভাবে থাকবেন তাঁরা।’ আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এএফসি’র স্লট নিশ্চিত করেছে মশাল বাহিনী। অনুরাগীদের প্রত্যাশা বেড়েছে অনেকটাই। এক্ষেত্রে ইনভেস্টর কর্তার ছোট্ট বক্তব্য, ‘দল শক্তিশালী হবে।’ তবে ফেডারেশনের ভূমিকায় বেশ বিরক্ত তারা। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এখনো কমার্শিয়াল পার্টনার চূড়ান্ত করতে ব্যর্থ। ফুটবল ক্যালেন্ডারের ঠিক নেই। এমন পরিস্থিতিতে হাত গুটিয়ে বসে অনেক দলই। তবে ইস্ট বেঙ্গলের সেই উপায় নেই। দেরি করলে চ্যাম্পিয়ন দলের ভাঙন নিশ্চিত। এমনিতেই গোলরক্ষক প্রভসুখন গিল, লালচুংনুঙ্গাদের চুক্তি শেষ। কেরল ব্লাস্টার্স থেকে গিলকে রিক্রুট করতে আকাশছোঁয়া টাকা ব্যয় করতে হয়। পাঞ্জাবি গোলরক্ষককে নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ