Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

পুজোর আগেই প্রশাসনিক সদর দপ্তর রাইটার্সে ফেরা নিয়ে জল্পনা

রাইটার্স বিল্ডিংস থেকেই সরকার চালাবেন। ক্ষমতায় এসেই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু, ওই ঐতিহাসিক ভবন সংস্কারের কাজ শেষ না-হওয়ায় তখন তা সম্ভব হয়নি।

পুজোর আগেই প্রশাসনিক সদর  দপ্তর রাইটার্সে ফেরা নিয়ে জল্পনা
  • ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাইটার্স বিল্ডিংস থেকেই সরকার চালাবেন। ক্ষমতায় এসেই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু, ওই ঐতিহাসিক ভবন সংস্কারের কাজ শেষ না-হওয়ায় তখন তা সম্ভব হয়নি। ফলে গত চারমাস নবান্ন থেকেই রাজ্য চালাচ্ছেন শুভেন্দুও। তবে রাইটার্সে তাঁর দপ্তরের কাজ আগামী ৯ অক্টোবরের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন পূর্তমন্ত্রী অজয় পোদ্দার। ফলে পুজোর আগেই রাজ্য প্রশাসনের সদর দপ্তর রাইটার্সে ফিরতে পারে। এমনই জল্পনা শুরু হয়েছে প্রশাসনের অন্দরে। বুধবার রাইটার্স পরিদর্শনে যান পূর্তমন্ত্রী। কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। বৃহস্পতিবার তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী এবং অন্য কয়েকজন মন্ত্রীর দপ্তরের কাজ থেকে শুরু করে সংলগ্ন এলাকার সংস্কার শেষ হয়ে যাবে। মন্ত্রিসভাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বৈঠকের কক্ষও তৈরি হয়ে যাবে আগামী ৯ তারিখের মধ্যে। বেশিরভাগ কক্ষ সংস্কারের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে।’ ২০১৩ সালের অক্টোবরে রাজ্যের প্রশাসনিক সদর দপ্তর নবান্নে সরিয়ে নিয়ে যায় পূর্বতন সরকার। অতঃপর শুরু হয় রাইটার্স সংস্কারের কাজ। গত ১৩ বছরেও তা শেষ হয়নি। রাজ্যে পালাবদলের পর কাজে গতি বাড়ায় বিজেপি সরকার। তবে সদর দপ্তর রাইটার্সে ফিরিয়ে আনার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শীর্ষ মহল। পুজোর আগেই রাইটার্স ফের রাজ্যের সদর দপ্তর হয়ে ওঠে কি না, সেদিকেই নজর রয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ